Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দিনভর সাফাই হল না উত্তরপাড়ায় চরম ভোগান্তি এলাকাবাসীর

ঠিকাকর্মীদের আন্দোলনের জেরে সাফাই কাজ স্তব্ধ থাকল উত্তরপাড়া পুরসভায়। শুক্রবার দিনভর শহরজুড়ে সাফাই কাজের গাড়ি বা বাড়ি বাড়ি সাফাইয়ের লোক নিতে পারেনি পুরসভা।

দিনভর সাফাই হল না উত্তরপাড়ায় চরম ভোগান্তি এলাকাবাসীর
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ঠিকাকর্মীদের আন্দোলনের জেরে সাফাই কাজ স্তব্ধ থাকল উত্তরপাড়া পুরসভায়। শুক্রবার দিনভর শহরজুড়ে সাফাই কাজের গাড়ি বা বাড়ি বাড়ি সাফাইয়ের লোক নিতে পারেনি পুরসভা। কর্মীরা এদিন সাফাই অফিসে পিকেটিং করার পাশাপাশি অনির্দিষ্ট সময়ের কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে, আজ শনিবারও শহরজুড়ে সাফাই কাজ হবে না। কর্মীদের অভিযোগ, তাঁরা ঠিকাদারের মাধ্যমে পরিষেবা দেন। কিন্তু ঠিকাদার সঠিকভাবে তাঁদের ভাতা সহ অন্যান্য সুবিধা দিচ্ছেন না। এনিয়ে দীর্ঘদিন দাবিদাওয়া জানানোর পরেও ফল হয়নি। তারই জেরে কর্মবিরতির মতো পথ নিতে হয়েছে। গোটা ঘটনায় বিপাকে পড়েছে পুরসভার প্রশাসন। এদিনই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেছেন পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। পুরকর্তাদের দাবি, কর্মীদের স্বাস্থ্যপ্রকল্প, শ্রমিক ভবিষ্যনিধি প্রকল্প সহ যাবতীয় সুযোগ সুবিধা দিয়েই টেন্ডার করা হয়। ফলে, পুরসভার তরফে কোনও ত্রুটি হয়নি। 

Advertisement

পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, আমাদের বিরুদ্ধে কর্মীদের কোনও অভিযোগ নেই। তাঁরা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুনেছি। সত্যিমিথ্যা আমি জানি না। নাগরিকদের পরিষেবা না দিলে আমি আইনি ব্যবস্থা নেব। নাগরিক স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। এদিন সংশ্লিষ্ট ঠিকাদার মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, নিয়োগের যাবতীয় শর্ত তিনি মেনেছেন। তারপরেও কেন বিক্ষোভ, সে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। যদিও এই টানাপোড়েনে সমস্যায় পড়েছেন নাগরিকরা। আজ শনিবারও সেই সমস্যা মেটার কোনও ইঙ্গিত শুক্রবার রাত পর্যন্ত মেলেনি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ