সম্প্রসারিত হবে উত্তরকন্যা,মন্ত্রীদের চেম্বার বাড়ছে, অতিথি নিবাস তৈরির পরিকল্পনা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: এবার সম্প্রসারিত হবে মিনি সচিবালয় উত্তরকন্যা। ইতিমধ্যে উত্তরকন্যায় নতুন করে আইন দপ্তর সহ কিছু দপ্তরের অফিস, আরও কয়েকজন মন্ত্রীর চেম্বার, অতিথি নিবাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার মিনি সচিবালয়ে বসে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন এবং আইন ও বিচার প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। তিনি বলেন, প্রস্তাবিত ওই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হওয়ার পর আরও সুবিধা হবে উত্তরবঙ্গবাসীর। সেইসঙ্গে সর্বদা কর্মচঞ্চল থাকবে এই মিনি সচিবালয়। 

Advertisement

বিজেপির কাছে ‘ভদ্রাসন’ উত্তরবঙ্গ। রাজ্যে পালাবদলের পর শিলিগুড়িতে  এ কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই উত্তরবঙ্গ থেকে ১০ জন বিধায়ককে মন্ত্রী করা হয়। কিন্তু, এখনও পর্যন্ত উত্তরকন্যায় ৭ মন্ত্রীর চেম্বার করা হয়েছে। কিন্তু, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু ও বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর ঘর তৈরি হয়নি। প্রশাসন সূত্রে খবর, শুধু ওই তিনজন নন, আরও কয়েকজন পূর্ণমন্ত্রীর চেম্বার এবং কিছু দপ্তরের অফিস তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। কারণ, জায়গার অভাব। এজন্যই মিনি সচিবালয়ের ভবন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। 
অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, মিনি সচিবালয়ে স্থান সংকুলানের সমস্যা দূর করার প্রস্তাব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দেওয়া হয়েছে। সেই মতো ভবন সম্প্রসারিত হলে ভালো হবে। উত্তরবঙ্গ উন্নয়ন এবং আইন ও বিচার প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস বলেন, এতদিন এখানে তেমন কিছুই ছিল না। এখন এখানে একাধিক মন্ত্রীর চেম্বর তৈরি হয়েছে। আরও ভবন ও অতিথি নিবাস নির্মাণ হওয়ার কথা। 
২০১৪ সালের ২০ জানুয়ারি শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়িতে মিনি সচিবালয়ের উদ্বোধন করা হয়। প্রায় ৮০ হাজার বর্গফুট জায়গার উপর মিনি সচিবালয়ের দোতলা ভবন অবস্থিত। বর্তমানে এখানে দপ্তরের সংখ্যা প্রায় ২২টি। মুখ্যমন্ত্রীর অফিস, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের অফিস, ক্ষুদ্র ও কুটির শিল্প, খাদ্য, পরিবহণ, হাউজিং, বিপর্যয় ব্যবস্থাপনা, ডিআইজি পুলিশ সহ বিভিন্ন দপ্তর রয়েছে। এবার নতুন করে আরও কিছু দপ্তর চালু করা হবে এখানে। 
উত্তরবঙ্গ উন্নয়ন এবং আইন ও বিচার প্রতিমন্ত্রী বলেন, আইন ও বিচার দপ্তর দু’টি এখানে চালু করা হবে। সংশ্লিষ্ট দু’টি দপ্তরের প্রধান সচিবদের বসার ব্যবস্থা এখানে করা হবে। বার কাউন্সিলের দ্বিতীয় ক্যাম্প অফিস করা হবে। এরপর বার কাউন্সিলে নাম নথিভুক্ত করার জন্য উত্তরবঙ্গের আইনজীবীদের আর কলকাতায় যেতে হবে না। এখান থেকেই তাঁরা নাম নথিভুক্ত করতে পারবেন। 
এদিকে, রাজ্যে পালাবদলের ছ’মাস পরও মন্ত্রীরা এখানে সেভাবে আসছেন না বলে ‘বর্তমান’-এ খবর প্রকাশিত হয়।  এদিন অবশ্য মিনি সচিবালয়ে হাজির হন উত্তরবঙ্গ উন্নয়ন, আইন ও বিচার প্রতিমন্ত্রী এবং বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহেই এখানে আসি। সবার থেকে বেশি উত্তরকন্যায় বসি। বনমন্ত্রী বলেন, এখানে নিয়মিতই আসছি।  ফাইল চিত্র