উত্তরপ্রদেশে পুরসভার ভোটার তালিকা সংশোধন: মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: উত্তরপ্রদেশে পুরসভার ভোটার তালিকায় বাড়ির নম্বর সংক্রান্ত অসঙ্গতি দূর করার আরজিতে দায়ের জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, এই আবেদন গ্রহণে তাঁরা আগ্রহী নন। নাম বা ঠিকানায় ভুল থাকলে সংশ্লিষ্ট ভোটার সরাসরি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন জানাতে পারেন। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ভোটার তালিকায় তথ্য সংশোধনের অধিকার সংশ্লিষ্ট ভোটারের ব্যক্তিগত অধিকার। সাধারণভাবে জনস্বার্থ মামলার মাধ্যমে সেই অধিকার সম্মিলিতভাবে প্রয়োগ করা যায় না। তিনি মনে করিয়ে দেন, পুরসভার ভোটার তালিকা নিজস্ব বিধি অনুযায়ী পরিচালিত হয়। আবেদনকারীর দাবি ছিল, বাড়ির নম্বর পরিবর্তনের ফলে উত্তরপ্রদেশের পুরসভার ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানালেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। পাশাপাশি, ভোটারদের তথ্যের সামঞ্জস্য বজায় রাখতে পুরসভার ভোটার তালিকার সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার সমন্বয়ের দাবিও জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পুরসভার ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে তা সংশোধনের জন্য আইন নির্ধারিত পদ্ধতিই অনুসরণ করতে হবে। জনস্বার্থ মামলার মাধ্যমে এ ধরনের ব্যক্তিগত অধিকার আদায়ের সুযোগ মিলবে না। 

Advertisement