নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎসবের মরশুমে প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। কিন্তু হাজার হাজার স্পেশাল ট্রেন চালানোর মতো পরিকাঠামো আদৌ তাদের কাছে আছে কি? মাত্রাছাড়া ভিড়ের কারণে এই প্রশ্ন ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছিল। এবার সামনে এল আরও গুরুতর ছবি। প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন চালানোর মতো পর্যাপ্ত রেলপথই পাচ্ছে না মন্ত্রক! অর্থাৎ, রেলপথে তৈরি হচ্ছে ‘যানজট’। পরিস্থিতি মোকাবিলায় তাই এবার ডেডিকেটেড পণ্যবাহী করিডর দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে একপ্রকার বাধ্য হল রেল বোর্ড। যাত্রীবাহী ট্রেনের পথ যদি ‘ব্লক’ হয়, তাহলে কি আগামী দিনে এভাবেই পণ্যবাহী করিডর ব্যবহার করবে মন্ত্রক? তাহলে ‘ডেডিকেটেড’ করিডরের অর্থ কী? এহেন প্রশ্ন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।



