ওয়াশিংটন: ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম কূটনৈতিক ও কৌশলগত মঞ্চ ‘কোয়াড’ কি গুরুত্বহীন হয়ে গেল? আমেরিকার এক সিদ্ধান্তে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মার্কিন সেনার ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ডে’র নাম বদলে দিল আমেরিকা।ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, ‘ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডে’র নাম বদলে ফের ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ করা হচ্ছে। বাদ গিয়েছে ইন্দো বা ভারতের নাম। প্রশান্ত মহাসাগর ও সংলগ্ন অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই কমান্ড। মার্কিন সেনার সবচেয়ে পুরানো ও প্রাচীন কমান্ডও এটি। ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘ইন্দো’ শব্দটি যোগ করা হয়। তত্কালীন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস জানিয়েছিলেন, এর মাধ্যমে ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়ায় মার্কিন সেনার কার্যক্রম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। সেই সময় ম্যাটিস দাবি করেছিলেন, এই কমান্ড বলিউড থেকে হলিউড এবং পেঙ্গুইন থেকে মেরুভল্লুক পর্যন্ত বিস্তৃত। আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু আট বছরের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এল ট্রাম্প সরকার।



