নয়াদিল্লি: পহেলগাঁও হামলার জবাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত। তাতে বেজায় সমস্যায় পড়ে পাকিস্তান। বিভিন্নভাবে নয়াদিল্লিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানায় ইসলামাবাদ। এবার সরাসরি হুমকির পথ বেছে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের এমন কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না, যাতে পাকিস্তানের জলাধিকার ক্ষতিগ্রস্ত হয়। তাঁর কথায়, পাকিস্তানের জলের ‘প্রতিটি ফোঁটাই’ তাদের কাছে ‘রেড লাইন’। শরিফ আরও বলেন, পাকিস্তান শান্তির পক্ষে। তবে এটাকে দুর্বলতা হিসাবে দেখা উচিত নয়। দেশের সার্বভৌমত্বের উপর কোনো চ্যালেঞ্জ এলে পাকিস্তান তার জবাব দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, ভারত যদি নিজের অবস্থান না বদলায়, তা হলে সরাসরি জবাব দেওয়া হবে। সিন্ধু জলচুক্তি ‘একতরফা ও বেআইনিভাবে স্থগিত’ করার অভিযোগ তুলে ভারতকে ‘শান্তির শত্রু’ বলেও অভিহিত করেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবেই চুক্তি স্থগিত করার কথা জানায় নয়াদিল্লি। ফলত তিনটি নদীর জলস্তর সংক্রান্ত তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া বন্ধ করেছে ভারত। আগে বর্ষার সময়ে এই তথ্যের মাধ্যমে পাকিস্তান আগে থেকেই নদীর জলস্তর বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা পেত। বিশেষ করে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সময়মতো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ ছিল। এখন সেই তথ্য মিলছে না। ফলে সিন্ধু জলচুক্তি স্থগিতের বিষয়টি ভারত-পাকিস্তান উত্তেজনার অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।



