সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সম্প্রীতির নিদর্শন হরিশ্চন্দ্রপুরের নসরপুরে উরসের মেলায়। পীর হজরত শাহা নুরেলা আসরফ আলি মুকাদ্দোসের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী উরস মেলা ও উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। পরম্পরা মেনে এই মেলার সমস্ত আয়োজন করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন আগে নসরপুর গ্রামের বাইরে ফাঁকা জায়গায় স্থানীয় পাঁচটি পরিবার ঘর করে বসবাস শুরু করেছিল। সে সময় চারদিক জঙ্গলে ভর্তি ছিল। মাঝেমধ্যে ঘরগুলো কোনও দুর্যোগ ছাড়াই ভেঙে যেত। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সেই সোময় চণ্ডীপুরের বড় পীর সাহেব গোরুর গাড়ি নিয়ে এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছিলেন। স্থানীয় কয়েকজনকে ডেকে তিনি এক পীরের কথা জানান এবং ফাতেহা ও মানত করতে বলেন। সেই সময় স্থানীয় বাসিন্দা ফুলচাঁদ সিংহ গৌরমোহন সিংহ, ধনিয়া সিংহ ও সরিলাল সিংহরা মাজার করে প্রতি বছর ৯ পৌষ ফাতেহা করতেন। ২০০৩ সাল থেকে মেলা আয়োজন করছেন স্থানীয়রা। উরস কমিটির সম্পাদক নিত্যানন্দ সিংহ বলেন, নসরপুর, কুতুবপুর, ভেলাবাড়ি, রামশিমূল, মাখনা, কুইলপাড় ও গৌরিপুরের হিন্দু, মুসলিম সম্প্রদায়ের মানুষের সাহায্যে এই মেলা করে আসছি। মুলত হিন্দুরা মেলার সমস্ত আয়োজন করে থাকেন। পীরের মাজারকে কেন্দ্র করে প্রথমদিন কাওয়ালি ও দ্বিতীয় দিন ভাওয়াইয়া গান হয়।
স্থানীয় বাসিন্দা নিরুপমা দাস বলেন, এই পীরবাবা আমাদের অনেক উপকার করেছেন। আমি এবছর চাদর ও মুরগি মানত করেছি।
স্থানীয় বাসিন্দা নিরুপমা দাস বলেন, এই পীরবাবা আমাদের অনেক উপকার করেছেন। আমি এবছর চাদর ও মুরগি মানত করেছি।



