নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ উড়ালপুলের নীচে কলকাতা পুরসভার আওতাধীন শিশির মার্কেট সরানোর তোড়জোড় শুরু হয়েছে। কোথায় অস্থায়ীভাবে এই মার্কেটের দোকানগুলি স্থানান্তর করা হবে, সেই জায়গা চিহ্নিত করেছেন পুর আধিকারিকরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উড়ালপুলের নীচে আর মার্কেট বসতে দেওয়া হবে না। তাহলে পাকাপাকিভাবে কোথায় তৈরি হবে শিশির মার্কেট, তার জন্যও জায়গা ভেবে রেখেছেন তাঁরা। সেই ফাইল পাঠানো হয়েছে পুর প্রশাসকের অফিসে। সেখান থেকে সিলমোহর এলেই বাজার অন্যত্র সরানোর কাজ শুরু হবে।
শিয়ালদহ উড়ালপুলের অবস্থা বহুবছর ধরেই ভালো নয়। বছর দেড়েক আগেও কেএমডিএ, পুরসভা ও পুলিশের যৌথ ভিজিট হয়েছিল। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, তখনই দেখা যায়, ব্রিজের অবস্থা বেশ খারাপ। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। পুরসভার তরফে তখনই শিশির মার্কেটের দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়েছিল, যেকোনো সময় এখান থেকে বাজার সরাতে হতে পারে। তাই এক্ষেত্রে ব্যবসায়ীদের নতুন করে ‘রিমাইন্ডার’ দেওয়ার কোনো বিষয়ও নেই। আপাতত শিয়ালদহ উড়ালপুলের নীচের দোকানগুলি অস্থায়ীভাবে এন্টালির একটি মাঠে স্থানান্তরের প্রস্তাব রয়েছে। পুর-কমিশনার অনুমোদন দিলেই সেই প্রস্তাব বাস্তবায়িত হবে। পুরসভার বাজার ও সার্ভেয়ার বিভাগের সূত্রে খবর, অস্থায়ীভাবে বাজার পুরসভাই বানিয়ে দেবে। পরে পার্ক সার্কাসের পদ্মপুকুরে একটি জায়গায় নতুন শিশির মার্কটি তৈরি করা হবে। তবে সেই কাজে অনেক সময় লাগবে। এক অফিসার বলেন, ‘উড়ালপুলটি বিপজ্জনক অবস্থায় আছে। উড়ালপুলের নীচ থেকে বাজার সরাতে না পারলে মেরামত করা যাচ্ছে না। তাই আপাতত যত দ্রুত সম্ভব শিয়ালদহ থেকে শিশির মার্কেট সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনার অনুমোদন দিলেই এন্টালিতে অস্থায়ী বাজার গড়ার কাজ শুরু হবে।’



