সংবাদদাতা, বোলপুর: কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ অহিদউদ্দিন ওরফে মামন শেখকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজি মহম্মদ হানিফ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মামনের দাবি, উপপ্রধানের পদে থাকলেও তাঁকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এদিন তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
Advertisement
অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পরই কঙ্কালীতলা পঞ্চায়েতে ক্ষমতা দখলের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের আওতায় পড়লেও কঙ্কালীতলা নানুর বিধানসভার অন্তর্গত। অতীতে এই পঞ্চায়েত বোলপুর থেকে পরিচালিত হতো। কিন্তু অনুব্রতর জেলবন্দি হওয়ার পর সেই ছবি বদলায়। কাজল শেখ কোর কমিটির অন্তর্ভুক্ত হওয়ার পর নানুরের দায়িত্ব নেন। তখন থেকেই উপপ্রধান মামনকে কাজলের সঙ্গে থাকতে দেখা যায়। কিন্তু, অনুব্রত ফিরতেই ফের পটপরিবর্তন হয়। কাজলের বদলে অনুব্রতর অনুগামী হন মামন। এরপরই নানুরের বিধায়ক বিধান মাজি তাঁকে এলাকার অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেন।



