Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপনির্বাচনে ভরাডুবি নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষ অনুপমের

উপনির্বাচনে ভরাডুবি নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষ অনুপমের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: রাজ্যজুড়ে উপনির্বাচনে ছ’টি আসনেই বিজেপির ভরাডুবি হওয়ায় আবারও বঙ্গ নেতৃত্বকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের খোঁটা দিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেন তিনি। বিগত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। আগামী বিধানসভা নির্বাচন তাই কার্যত অত্যন্ত কঠিন পরীক্ষা হতে চলেছে গেরুয়া শিবিরের কাছে। তার মধ্যেই অনুপমের কটাক্ষ বঙ্গ বিজেপি নেতৃত্বকে আরও অস্বস্তিতে ফেলছে। 
Advertisement
শনিবার রাজ্যের ছ’টি বিধানসভায় উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সব আসনেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শাসকদল। প্রত্যেক কেন্দ্রেই ধরাশায়ী হয়েছে বিজেপি। অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে তাদের ভোট শতাংশের পরিমাণ কমেছে। তার প্রধান কারণ হিসেবে বিজেপির সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করছে নেতৃত্ব। সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। মূলত, চলতি মাস থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সদস্য পদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সে ক্ষেত্রে একটি মোবাইল নম্বরও চালু করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি (১৮০০২৬৬২০২০)। সেই নম্বরে মিসড্ কল দিলেই এসএমএসের মাধ্যমে একটি নম্বর চলে আসবে কলারের কাছে। সেই নম্বরে ভোটার আইডি কার্ড নম্বর, নাম ও ঠিকানা লিখে পাঠালেই সদস্যপদ পাওয়া যাবে। দেখা যাচ্ছে বিজেপি নেতারা বিয়েবাড়ি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত মানুষদের সেই নম্বরে মিসড কল দিতে বলছেন। কিন্তু তা করেও যে লাভ হচ্ছে না, উল্টে দিনের পর দিন মানুষ আস্থা হারাচ্ছে, তারই প্রমাণ উপনির্বাচনের ফলাফল। তাই এদিন ফের ফেসবুকে দলের বিরুদ্ধেই সরব হন অনুপম হাজরা। তিনি লেখেন, বিয়েবাড়ি, অন্নপ্রাশন যেখানেই যান আমাদের একটা করে মিসড কল দিয়ে যান। নির্বাচনে না জিতলেও চলবে, অন্তত আমাদের পদটা যেন বেঁচে থাকে বছরের পর বছর। যদিও এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি অনুপম। 
সম্পর্কিত সংবাদ