নয়াদিল্লি, ২ এপ্রিল: দেশজুড়ে জনপ্রিয়তা তুঙ্গে ইউপিআই-এর। মার্চে তা স্পর্শ করল নতুন মাইলফলক। গত মাসে ১ হাজার ৮৩০ কোটি লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে। যা এখনও পর্যন্ত রেকর্ড। তথ্য বলছে, ২০২৪-২৫ আর্থিক বছরের শেষ মাসে ২৪.৭৭ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৭৯ হাজার ৯০৩ কোটি টাকা।
ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে মোট ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেনের অঙ্ক। ফেব্রুয়ারিতে ২১.৯৬ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছিল ইউপিআইয়ের মাধ্যমে।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অন্তর্গত আর্থিক পরিষেবা দপ্তরের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ‘মার্চে ১৮.৩০ বিলিয়ন লেনদেন! নতুন নজির গড়ল ইউপিআই। ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।’
ইউপিআইয়ের জনপ্রিয়তা কত দ্রুত বাড়ছে, তা আরও একটি সরকারি পরিসংখ্যান থেকে স্পষ্ট। ২০২৪-২৫ আর্থিক বছরে এর মাধ্যমে মোট ১৮৫.৮৫ বিলিয়ন লেনদেন হয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে যা ছিল ১৩১.১৪ বিলিয়ন। এক বছরে বৃদ্ধির হার ৪২ শতাংশ। শুধু লেনদেনের সংখ্যা নয়, বেড়েছে মোট লেনদেনের অঙ্ক।