Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপভোক্তাদের থেকে টাকা চাইলেই ‘জিরো টলারেন্স’ নীতি, কঠোর নবান্ন

উপভোক্তাদের থেকে টাকা চাইলেই ‘জিরো টলারেন্স’ নীতি, কঠোর নবান্ন
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রাপকদের থেকে টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়াও বন্ধ করিয়ে দেওয়া হবে। এমন ভয় দেখিয়েও টাকা চাওয়া হয়েছে বেশ কিছু উপভোক্তার থেকে। এই অভিযোগ এসে পৌঁছনো মাত্রই জেলাগুলিকে ‘জিরো টলারেন্স নীতি’ নেওয়ার নির্দেশ দিল নবান্ন। এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সোমবার প্রত্যেক জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। সেখানেই এবিষয়ে নির্দেশের দেওয়ার পাশাপাশি এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে লিখিত নির্দেশও দেওয়া হয়েছে। এমন অবাঞ্ছিত ঘটনা এড়াতে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিস সুপার, আইসি-ওসিদের। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির অগ্রগতি সন্তোষজনক হলে কেউ তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা আটকাতে পারবে না। এই মর্মেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে তাঁদের নির্ভয়ে অভিযোগ জানানোর ব্যাপারেও সচেতনতা বৃদ্ধি করবে জেলা। একইসঙ্গে, ব্লক স্তরের আধিকারিকদের প্রত্যেক প্রাপকের বাড়ি তৈরির অগ্রগতির উপর নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সামান্য বাকি থাকা সমীক্ষার কাজ দ্রুত শেষ করার কথাও বলা হয়েছে জেলা প্রশাসনকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ