Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপ নির্বাচন মিটলেই মহিলাদের জন্য বাস চালু করবে নিগম

উপ নির্বাচন মিটলেই মহিলাদের জন্য বাস চালু করবে নিগম
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আর জি কর কাণ্ডের পর থেকেই রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি রাজ্য সরকারও নারী সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে। এই প্রেক্ষাপটে উপ নির্বাচন মিটলেই পূর্ব সিদ্ধান্ত মতো উত্তরবঙ্গের তিন জায়গায় মহিলাদের জন্য বাস সার্ভিস চালু করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। নিগম জানিয়েছে, কোচবিহার-আলিপুরদুয়ার ও শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটে মহিলাদের জন্য আলাদা করে বাস চালানো হবে। পাশাপাশি কোচবিহার-দিনহাটা রুটেও আগামীতে মহিলাদের জন্য বিশেষ বাস চালাবে নিগম।
Advertisement
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, আমরা আগেই মহিলাদের জন্য বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। উপ নির্বাচন মিটলেই এই বাস চালানো হবে। দু’টি বাস তৈরি আছে। আরও একটি বাস চালানো হবে। শুধুমাত্র মহিলাদের জন্য এমন বাস পরিষেবা রাজ্যে সম্ভবত এটাই প্রথম। মহিলাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই বাস পরিষেবা চালু করা হবে।
নিগম সূত্রে জানা গিয়েছে, এই বাসগুলিতে মহিলা কন্ডাক্টর থাকবেন। তবে চালক পুরুষই থাকবেন। তিন রুটে এই বাসগুলি চালাতে নিগমের মোট ছ›টি বাস প্রয়োজন হবে। প্রতিদিন অফিস টাইমে এই বাসগুলি চালানো হবে। বাসগুলির গায়ে সংস্থার বাসের নীল রঙের পাশাপাশি গোলাপি শেড দেওয়া হবে। সেই কাজও চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে কোচবিহারে অবস্থিত নিগমের সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলি রাখা আছে। বাসগুলি ৩২ আসন বিশিষ্ট হবে। যে রুটগুলিকে মহিলা বাস চালানোর জন্য নির্বাচিত করা হয়েছে সেগুলিতে প্রতিদিন বহু মহিলা বিভিন্ন কাজে যাতায়াত করেন। অনেক সময়ই অফিস টাইমে এসব বাসে ব্যাপক ভিড় হয়। গাদাগাদি করে যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা বাসের ব্যবস্থা থাকলে তাঁরা অনেকটা সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। সেকথা চিন্তা করেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ