পশ্চিম মেদিনীপুরে ধান ঘরে তোলার আগেই অকাল বর্ষণ, ক্ষতি চাষিদের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! বর্ষার শুরুতে বন্যার জলে ভেসে গিয়েছিল সদ্য রোপণ করা ধানের জমি। আর এবার সোনালী ফসল ঘরে তোলার সময়েও আকভানের প্রভাবে অকাল বর্ষণ! টানা দু’ দিনের বৃষ্টিতে জলে ডুবেছে পাকা ধান। ফলে হাহাকার করছেন পশ্চিম মেদিনীপুরের হাজার হাজার কৃষক। ডেবরা, সবং, পিংলা, খড়্গপুর সহ জেলাজুড়ে একরের পর একর ধানের জমি জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলায়। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছেন কৃষকরা। ধান ছাড়াও সব্জি ও ফুল চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সবং, পিংলার চাষিরা। এমনকী আলু চাষ নিয়েও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। সবংয়ের সুজিত সাবন্ত, পিংলার গোপাল পাত্র প্রমুখ বলেন, পাকা ধানে মই দিল এই অকাল বৃষ্টি। সব্জি ও ফুল চাষের ব্যাপক ক্ষতি হল। সর্বোপরি, আলু চাষ নিয়েও সংশয় তৈরি হল। মাঠের জমা জল যে কতদিনে নামবে তার ঠিক নেই! ফলে পিছিয়ে যাবে আলু চাষ।

Advertisement

অসময়ের এই বৃষ্টিতে একদিকে যেমন চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হলেন, ঠিক তেমনই সব্জি সহ জিনিসপত্রের দামও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন মেদিনীপুর-খড়্গপুরের ব্যবসায়ীরা। মেদিনীপুরের রাজু দাস, খড়্গপুরের রাজেশ যাদবরা বলেন, এমনিতেই এখন সব্জি, আলু, পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এই বৃষ্টির ফলে সবকিছুর দাম আরও বাড়বে। 
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর থেকেই এই জেলার বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। বিডিওদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরাও শস্যবিমার মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন। চলতি বছরের আগস্ট মাসে বন্যায় ভেসে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের প্রায় পাঁচ-ছ’ হাজার একর কৃষিজমি। শুধু সবংয়েই ধান সহ ৩১০০ একর জমির ফসল নষ্ট হয়েছিল। আর এবার পাকা ধান ঘরে তোলার আগেই বাজ পড়ল কৃষকদের মাথায়। সবংয়ের সারতা, বিষ্ণুপুর, পিংলার মালিগ্রাম, কেলেয়াড়াতে বিঘার পর বিঘা জমির পাকা ধান জলে ডুবে গিয়েছে। সবংয়ের বিডিও রোমান মণ্ডল বলেন, সারতা সহ বেশ কয়েকটি এলাকায় পাকা ধানের ক্ষতি হয়েছে। মাঠে বেশি জল জমলে প্রয়োজনে পাম্প ব্যবহার করে জল বের করা হবে। তবে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই জানিয়েছেন তিনি।-নিজস্ব চিত্র