সংবাদদাতা, ঘাটাল: নিম্নচাপের টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিশেহারা চাষিরা। পাকা ধানের জমিতে কোথাও এক হাঁটু জল জমেছে তো কোথাও আবার জমির উপর দিয়ে বইছে স্রোত। চন্দ্রকোণা-১ ব্লকের শামখুরী, বেটা গ্রাম, হাজরা, নিচন্যা, বেলাদণ্ড ও চন্দ্রকোণা-২ ব্লকের বিভিন্ন অংশে মাঠে পাকা সোনালি ধান এখন জলের তলায়। এছাড়াও ঘাটাল ও দাসপুর-১ ও ২ ব্লকে অসময়ের এই অতিবৃষ্টির কারণে সব্জি, ধানের পাশাপাশি আলু চাষেও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একসঙ্গে একাধিক ফসল নষ্টের শঙ্কায় মাথায় হাত চাষিদের। ঘাটাল মহকুমার কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না। শনিবার দুপুর থেকে বৃষ্টি কমে এলেও চাষিরা মাঠ থেকে পাকা ধান কীভাবে তুলবেন তা নিয়ে প্রশাসনও চিন্তায় রয়েছে।
ঋণ নিয়ে চাষাবাদ শুরু করলেও ফসল ক্ষতিগ্রস্ত হলে কীভাবে সেই ঋণ শোধ করবেন তা ভেবেই কূল পাচ্ছেন না চাষিরা। চন্দ্রকোণা-১ ব্লকের নিচন্যার চাষি দুলাল মণ্ডল, দীপঙ্কর চৌধুরী ও চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরার লক্ষীকান্ত রায়রা বলছেন, এই সঙ্কটের সময়ে প্রশাসন ও সরকার দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে আর্থিক সাহায্য নিয়ে পাশে না দাঁড়ালে ঘুরে দাঁড়ানো এককথায় অসম্ভব। অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে সরকারের দ্বারস্থ হওয়ার কথা জানান তাঁরা।
অন্যদিকে, দাসপুর ও ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে বড়োসড়ো ক্ষতির মুখে পড়েছেন কপি চাষিরা। শীতের মরশুমে ভালো লাভের আশায় বুক বাঁধলেও এবছর ছবি সম্পূর্ণ আলাদা। চাষিদের অভিযোগ, অতিরিক্ত বৃষ্টির কারণে কপি গাছ দ্রুত লম্বা হয়ে যাচ্ছে এবং সময়ের আগেই তাতে ফুল ধরছে। সেই সঙ্গে গাছে এক অজানা পোকার উপদ্রব শুরু হয়েছে, যা ফুল খেয়ে নষ্ট করছে। ফলে ফলন ও বাজারদর নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা।
দাসপুর-১ ব্লকের রামপদ মাল, লক্ষ্মীকান্ত পড়া, বিভাস মণ্ডল ও প্রসেনজিৎ মালরা জানান, বিঘা প্রতি কপি চাষে প্রায় ৪০ হাজার টাকা খরচা হলেও বাজারে বিক্রি করে বিশ হাজার টাকাও উঠবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।



