Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

ফের অশান্তি মণিপুরে, গুলির লড়াইয়ে আহত সিআরপিএফ

ফের অশান্তি মণিপুরে। সোমবার সেনাপতি জেলার তাফৌ এলাকায় কুকি ও নাগাদের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে।

ফের অশান্তি মণিপুরে, গুলির লড়াইয়ে আহত সিআরপিএফ
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের অশান্তি মণিপুরে। সোমবার সেনাপতি জেলার তাফৌ এলাকায় কুকি ও নাগাদের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। পাশাপাশি একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ২ নম্বর জাতীয় সড়ক  অবরোধ করে রাস্তায় কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটে নাগাদ তাফৌ কুকি গ্রামে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর কয়েকঘণ্টা পর ভোর চারটে নাগাদ সেনাপতি জেলার নাগা তাফৌ এলাকায় একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকাল ন’টায় শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সেই সময় গুলিবিদ্ধ হন ৩৬ নম্বর ব্যাটেলিয়নের সিআরপিএফ সাব ইনস্পেক্টর (জেনারেল ডিউটি) প্রদীপ সিং। তাঁর বাঁ পায়ে গুলি লাগে বলে খবর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। পরপর অগ্নিসংযোগ ও গুলির লড়াইয়ে সেনাপতি জেলাজুড়ে আতঙ্ক ছড়ায়। এদিকে, ২০২১ সালে অসম রাইফেলসের কনভয়ে হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক সন্দেহভাজন জঙ্গিকে মণিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। থৌবাল জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর।   রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ