নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ্যের সীমান্তবর্তী জেলা কোচবিহার। এই জেলা থেকেই রাজ্যের ১ নম্বর মেখলিগঞ্জ বিধানসভা আসন থেকে শুরু করে ৯ নম্বর তুফানগঞ্জ বিধানসভা আসন। এবারের নির্বাচনে রাজ্যের অন্যান্য জেলার মতো কোচবিহার জেলাতেও নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে হচ্ছে। জেলায় ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। সেই সঙ্গে থাকছে কয়েক হাজার রাজ্য পুলিশ। সাধারণ বুথে দু’টি করে ক্যামেরা। সুপার সেনসিটিভ বা অতি স্পর্শকাতর বুথে তিনটি করে ক্যামেরা থাকছে। একাধিক জায়গায় ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে ভোটারদের সহায়তায়।
কোচবিহারের এই ৯টি আসনে আজ, বৃহস্পতিবার ৯৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জেলার ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন ভোটার। এর সঙ্গে যোগ হবে ট্রাইবুনাল থেকে আসা নাম। তবে, ট্রাইবুনালের মাধ্যমে শেষ পর্যন্ত জেলায় ক’জনের নাম যোগ হল, প্রশাসনের পক্ষ থেকে সেটা বুধবার বিকেল পর্যন্ত চূড়ান্ত করে কিছু বলা হয়নি।
এবার এসআইআর আবহে ভোট হচ্ছে। কোচবিহারে প্রথম দফায় মৃত, আনম্যাপড, স্থানান্তরিত ভোটারদের যে সংখ্যা বলা হয়েছিল, তা ছিল ১ লক্ষ ১৩ হাজার ৩৭০। তাঁদের মধ্যে বহু ভোটার আপত্তি তুলেছিলেন। এরপর আরও ৮ হাজার ৪২৬ জনের নাম বাদ যায়। শেষ পর্যায়ে ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ ট্রাইবুনালে আবেদন করেন। সেই হিসাবে জেলায় প্রায় আড়াই লক্ষ ভোটার এবারের নির্বাচন প্রক্রিয়ার বাইরেই থেকে যাচ্ছেন।
এবার কোচবিহার জেলায় মোট ২৬৭৭টি বুথ। এর মধ্যে ১৪০টি অক্সিলিয়ারি। মহিলা পরিচালিত বুথ ৫০০টি। মডেল বুথ ১০টি। যার মধ্যে কোচবিহার দক্ষিণে রয়েছে দু’টি।
কোচবিহার জেলার পাঁচটি জায়গা কোচবিহার পলিটেকনিক, দিনহাটা কলেজ, তুফানগঞ্জ কলেজ, মাথাভাঙা কলেজ ও মেখলিগঞ্জ কলেজে ডিসিআরসি করা হয়েছে। এদিন সকাল থেকে ডিসিআরসিতে ভোটকর্মীদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায়। সকাল ১১টার পর থেকে সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। • নিজস্ব চিত্র।