নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ২০২০ সালের পর ২০২৫। ফের একবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিল পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এবার একজন বা দু›জন নয়, ওই স্কুলের মোট ২৪ জন ছাত্রের নাম উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের মেধাতালিকায় ঠাঁই পেয়েছে। যা একপ্রকার নজির বলেই মনে করছে জেলার শিক্ষানুরাগী মহল। ঘটনায় উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ সহ পড়ুয়ারা। এদিন ফল ঘোষণার পর থেকেই স্কুল চত্বরে খুশির আমেজ নজরে এসেছে। স্কুলের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দ মহারাজ বলেন, বিগত কয়েক বছর রাজ্যের মেধাতালিকায় আমাদের স্কুলের ছাত্রদের নাম ছিল না। তবে এবছর আমাদের স্কুলের ছাত্ররা তাদের যোগ্যতার ছাপ রেখেছে। মোট ২৪ জন ছাত্রের নাম মেধাতালিকায় রয়েছে। তবে সব থেকে বড় বিষয় রাজ্যস্তরে যুগ্মভাবে প্রথম দু’ জনই আমাদের স্কুলের ছাত্র। এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই চেষ্টাই থাকবে। এখন আমাদের লক্ষ্য চতুর্থ সেমেস্টার। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলনে উপস্তিত হয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মেধাতালিকা ঘোষণা করেন। তৃতীয় সেমেস্টারের মেধাতালিকায় মোট ৬৯ জন পড়ুয়ার নাম রয়েছে। তারমধ্যে পুরুলিয়া জেলারই ২৪ জন এবং তারা প্রত্যেকেই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। স্কুলের তরফে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে মোট ৬৪ জন ছাত্র রয়েছে। তৃতীয় সেমেস্টারে প্রত্যেকেই ভালো নম্বর পেয়ে পাশ করেছেন। তাঁদের মধ্যে ৫ জন কলা বিভাগের বাকি ৫৯ জন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।



