নিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তর দমদম ১৪ পল্লি সর্বজনীন দুর্গোৎসব নিয়ে টানাপোড়েন চরমে উঠেছে। বিরাটি তরুণ সংঘ পরিচালিত এই পুজোর কর্তারা সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আমরা পুজো করছি না। আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কিছু ‘সমাজবিরোধী’ পুজোর আয়োজন করছে। এরসঙ্গে আমাদের ক্লাব বা পুজো কমিটির কোনও যোগাযোগ নেই। আবার পুজোর আয়োজন করা উদ্যোক্তাদের দাবি, তাঁরাই আসল পুজো কমিটি। নিয়ম মেনে পুজোর আয়োজন তারাই করছে। স্থানীয়দের দাবি, ক্লাব ও পুজো পরিচালনা নিয়ে তৃণমূল ও বিজেপির আকচা-আকচি এই পরিস্থিতি তৈরি করছে। কারা আসল আর কারাই বা নকল, তা নিয়ে গুঞ্জন ও বিতর্ক তীব্র হয়েছে।
বিরাটির তরুন সংঘ ক্লাবের এই দুর্গাপুজো ৭৫ বছরের প্রাচীন। ক্লাব, পুজো ও পাশের বিরাটি কালী মন্দির পরিচালনা করতেন স্থানীয় তৃণমূল নেতা স্বপন হালদার। তাঁর স্ত্রী শেলী হালদার কাউন্সিলার ছিলেন। এবারও অন্যান্য বছরের মতো পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্যান্ডেল ও চন্দননগরের আলো বুক করা হয়েছিল। কিন্তু পালাবদলের পর পরিস্থিতি বদল হয়। ক্লাব ও পুজো কমিটি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্বপনবাবুর বাড়ি ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা করা হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষ আলোচনায় বসে পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু পূর্বতন পুজো আয়োজক ওই ক্লাব ও কমিটির নাম করে পুজোর আয়োজন শুরু হয়েছে। প্যান্ডেল বাঁধার পাশাপাশি চাঁদা তোলাও হচ্ছে। এরপর ক্লাব কমিটি ও পুজো কমিটি সমাজমাধ্যমে পরিস্থিতির কথা তুলে ধরে বলেছেন, এবার পুজো হচ্ছে না। শুধু এতেই তারা ক্ষান্ত হয়নি। হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে পুজোর পূর্বতন আয়োজকরা।
তরুণ সংঘ ক্লাবের সভাপতি স্বপন হালদার বলেন, ক্লাবের সদস্যদের উপর ক্রমবর্ধমান হামলা, পুলিশি নিষ্ক্রিয়তার জেরে আমরা পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত কাগজ ও নথি রয়েছে। অথচ, সম্পূর্ণ বেআইনি ভাবে আমাদের ক্লাব ও কমিটির নাম ব্যবহার করে পুজোর আয়োজন করা হচ্ছে। আরও নতুন নতুন পুজো হোক। তাতে কারোর আপত্তি থাকবে না। কিন্তু আমাদের ক্লাব ও পুজোর নাম করে পুজো কেন হবে? আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। ওই একই নামে তৈরি পুজো কমিটির সভাপতি বিপ্লবকান্তি চৌধুরি বলেন, ক্লাব, পুজো, মন্দির সবার। কারও পারিবারিক সম্পত্তি নয়। জোর করে আটকে রাখব, দখলে রাখব, বললে হয় না। ক্লাবের লোকেরা নিয়ম মেনেই পুজোর আয়োজন করছে। ওঁনার হাইকোর্ট গেলে, আমরা সুপ্রিম কোর্টে যাব।