নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ইংরেজ আমলে পরাধীন ভারতবর্ষে কাঁচা রাস্তায় হাঁটতেন এখানকার বাসিন্দারা। তারপর দেশ স্বাধীন হয়েছে সেই কবে। এখনও সেই কাঁচা রাস্তাতেই হাঁটতে হয় বাসিন্দাদের। প্রজন্মের পর প্রজন্ম কেটে গিয়েছে। তখন যিনি নাতি এখন দাদু হয়েছেন। কিন্তু কাঁচা রাস্তা কোনওদিন পাকা হয়নি। হাওড়া পুরসভার ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের চিরকালই ভাগ্য মন্দ। কোনও রাজনৈতিক দলের কোনও নেতা-নেত্রীই চোখ তুলে চেয়ে দেখেননি। তবে এবার কপাল ফিরতে চলেছে ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের। পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। তা শেষও হওয়ার পথে। ফলে দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম নিজের এলাকায় পাকা রাস্তায় হাঁটার সুযোগ পাবেন এখানকার বাসিন্দারা।
হাওড়া পুরসভার সংযুক্ত এই পাঁচটি ওয়ার্ড চিরকালই পাকা রাস্তা, আলো, পানীয় জল সহ একাধিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এবার ২২ কোটি টাকা খরচ করে ৩০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শেষ করতে চলেছে পুরসভা। এর আগে পানীয় জলের সমস্যা থেকে রেহাই পেয়েছিলেন এই ওয়ার্ডগুলির নাগরিকরা। কিন্তু বহু বছর ধরে পাকা রাস্তার দাবি থাকা সত্ত্বেও তা পূরণ হয়নি। নির্বাচনের আগে বহুবার প্রতিশ্রুতি মিলেছিল। তবে কোনওদিনই তা পূরণ হয়নি। ২০১৩ সালের পর হাওড়া পুরসভায় নির্বাচনই হয়নি। ফলে সংযুক্ত পাঁচটি ওয়ার্ডে রাস্তার কাজ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে অবশেষে স্বস্তি।
গত এক বছর ধরে ৪১ কোটি ৪৭ লক্ষ টাকা খরচ করে হাওড়াজুড়ে প্রায় ৬২ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শেষ করেছে হাওড়া পুরসভা। জানা গিয়েছে, এই পরিকল্পনার মধ্যে সংযুক্ত এলাকার বড় অংশে নতুন পাকা রাস্তার কাজও ধার্য করা হয়েছিল। সেই প্রকল্পেই ২২ কোটি টাকা খরচ করে ১৩৭টি নতুন রাস্তা তৈরি হয়েছে সংযুক্ত এলাকায়। বড় রাস্তা শুধু নয় সাত নম্বর বরোতে বহু ছোট রাস্তার কাজও করেছে পুরসভা। এই এলাকার মধ্যে রয়েছে ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড।
সংযুক্ত এলাকার নাসিরগঞ্জ, গড়পাড়, মল্লিকপাড়া, জগাছা, শিয়ালডাঙা, ইছাপুর, শেখপাড়া, রামরাজাতলার বিস্তীর্ণ অংশের মানুষ এই প্রথম নিজের এলাকায় পাকা রাস্তায় হাঁটবেন। অনেকের বক্তব্য, ‘বর্ষায় কেউ বাড়িতে আসতে চাইতেন না। কেউ অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স পাওয়া সমস্যা হতো। পাকা রাস্তা হল। এবার ভোগান্তি মিটবে।’ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘সংযুক্ত এলাকার অনেক জায়গায় কোনওকালেই রাস্তা ছিল না। নতুন কংক্রিটের রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। বাকি অংশের কাজ দ্রুত করা হচ্ছে।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংযুক্ত এলাকায় এখনও প্রায় ৫০ শতাংশ অংশে নতুন রাস্তা তৈরির কাজ বাকি আছে। প্রায় ২২ কোটি ৭৮ লক্ষ টাকা খরচ করে আরও ৩৫ কিলোমিটার কাজ হবে। বড় অংশের কাজ হবে ৪৬ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায়। নিজস্ব চিত্র