Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিঙ্গুরের নার্সিং হোমে নার্সের অস্বাভাবিক মৃত্যু, বাম-বিজেপির দফায় দফায় বিক্ষোভ, অবরোধ

বৃহস্পতিবার এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল সিঙ্গুরে। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার এলাকার বোড়াই তেমাথায় একটি নার্সিং হোমে।

সিঙ্গুরের নার্সিং হোমে নার্সের অস্বাভাবিক মৃত্যু, বাম-বিজেপির দফায় দফায় বিক্ষোভ, অবরোধ
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি চুঁচুড়া ও সংবাদদাতা, তারকেশ্বর: বৃহস্পতিবার এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল সিঙ্গুরে। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার এলাকার বোড়াই তেমাথায় একটি নার্সিং হোমে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বাম ও বিজেপির কর্মীরা দফায় দফায় পথ অবরোধ করেন এবং পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন মৃত নার্সের পরিবারের সদস্যরাও। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। মৃতার নাম দীপালি জানা (২৪)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর তিনি বেঙ্গালুরু থেকে জিএনএম পাশ করেন। তিনদিন আগে সিঙ্গুরের বোড়াই তেমাথায় একটি নার্সিংহোমে চাকরিতে যোগ দেন দীপালি। বুধবার রাতে নার্সিং হোমের চারতলার একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এক বান্ধবীর মাধ্যমেই সিঙ্গুরের ওই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। সেই সূত্রেই চাকরিতে যোগ দিয়েছিলেন দীপালি। 
মৃতার বাবা সুকুমার জানার অভিযোগ, ‘বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন পাই। তাঁরা বলেন, আপনি তাড়াতাড়ি আসুন। আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাত সাড়ে ৩টে নাগাদ আমরা সিঙ্গুরের ওই নার্সিং হোমে এসে পৌঁছাই। দীপালি কোথায় জানতে চাইলে বলা হয়, পুলিস এসে থানায় দেহ নিয়ে গিয়েছে। মেয়ের মৃতদেহ আমাকে না দেখিয়ে কেন থানায় নিয়ে যাওয়া হল? আমার মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনার উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং হোমের মালিকের শাস্তি চাই। দীপালি আত্মহত্যা করতে পারে না। মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় আমার সঙ্গে ওর কথা হয়েছিল। তখন ভালোভাবেই কথা বলেছিল’।
দীপালির সহকর্মী মল্লিকা বাউরি বলেন, ‘রাতে কাউকে না বলে দীপালি হঠাৎ বাইরে বেরিয়ে যান, তারপর আমরা খোঁজাখুঁজি করলেও তাঁর দেখা পাইনি। ফোন করলে শোনা যায় সুইচড অফ। পরে আমি উপরে গিয়ে দেখি, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায়, ফাঁস দিয়ে ঝুলছেন দীপালি। নন্দীগ্রামের এই তরুণী নার্স বলেছিলেন, বৃহস্পতিবার বাড়ি যাবেন। বাড়ি নিয়ে চিন্তায় ছিলেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেন, পুলিস তদন্ত করছে। কেউ দোষী হলে যথাযথ ব্যবস্থা নেবে পুলিস। বিরোধী দলগুলির কাজ নেই, তাই তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নার্সিং হোমের কাছে শ্রীরামপুর-চণ্ডীতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাম ও বিজেপির কর্মী-সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। পুলিস এলে তাঁদের ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। মৃতার পরিবারের অভিযোগ যাচাই করে পুলিস যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বাম ও বিজেপির কর্মী-সমর্থকরা।
হুগলি গ্রামীণ পুলিসের অতিরিক্ত সুপার কৃষাণু রায় বলেন, আমরা ওই নার্সের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তাঁর পরিবারের অভিযোগ অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ