নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে গড়িয়াহাটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাসন থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার নাম রাজলক্ষ্মী সিং (৩৯)। তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী ছিলেন। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ডোভার লেনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিস। দেহটি উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে লেখা রয়েছে, ‘স্বামী পুত্রসন্তানকে নিয়ে আলাদা হয়ে গিয়েছে। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছি।’
পুলিস সূত্রে খবর, গৃহবধূর স্বামীর নাম দীপক কুমার। সেনসাস বিভাগের কর্মী তিনি। বিয়ের তিন বছরের মাথায় পুত্র সন্তানের জন্ম দেন রাজলক্ষ্মী। সম্প্রতি পারিবারিক গণ্ডগোল শুরু হলে ছেলেকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন দীপক। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, তখন থেকেই গড়িয়াহাটের সরকারি আবাসনে একাই থাকতেন বধূ। তার জেরে কয়েকমাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রাজলক্ষ্মী। জানা গিয়েছে, চিকিৎসা চললেও ওষুধ খেতেন না তিনি। এই অবসাদ থেকেই আত্মহননের পথ তিনি বেছে নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। পরিবারে অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, বাঁশদ্রোণী থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। মৃতের নাম উজ্জ্বল পাইক (২২)। এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।