ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে কোচের পদে স্বপ্নের অভিষেক মাইকেল ক্যারিকের। শনিবার মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী সিটিকে ২-০ গোলে উড়িয়ে দিল ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল মেলে ধরেন হ্যারি ম্যাগুইরে-ব্রুনো ফার্নান্ডেজরা। প্রাক্তন ছাত্রের প্রশিক্ষণে প্রিয় দলের এই পারফরম্যান্সে মুগ্ধ স্যার অ্যালেক্স ফার্গুসনও। ভিআইপি গ্যালারিতে তাঁর চোখেমুখে সেই তৃপ্তির হাসি বারবার ধরা পড়ছিল। রুবেন আমোরিমের প্রশিক্ষণে যে উন্নতি দেখা গিয়েছিল ম্যান ইউয়ের খেলাতে, ক্যারিকের হাত ধরে যেন আরও ক্ষুরধার হল তারা। এই জয়ের সুবাদে মরশুমে লিগ টেবিলে আপাতত চতুর্থ স্থানে উঠে এল রেড ডেভিলস। ২২ ম্যাচে ম্যান ইউয়ের সংগ্রহ ৩৫ পয়েন্ট। আর সমসংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল ম্যান সিটি।
শনিবার ভাগ্য সহায় থাকলে প্রতিপক্ষকে হাফ ডজন গোলের মালা পরাতে পারতেন ব্রুনো ফার্নান্ডেজরা। দু’বার বল বিপক্ষ পোস্টে লাগার পাশাপাশি অফ-সাইডের কারণে তিনটি গোল বাতিল হয় লাল ম্যাঞ্চেস্টারের। তা সত্ত্বেও সহজেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচে ইউনাইটেডের হয়ে জাল কাঁপান ব্রায়ান মেবৌমু ও প্যাট্রিক ডর্গু। উল্লেখ্য, নতুন বছরে এখনও ইপিএলে জয়ের মুখ দেখেনি পেপ-ব্রিগেড। গত তিনটি ম্যাচে ড্রয়ের পর শনিবার হেরে খেতাবি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল সিটিজেনরা। এদিন পুরো ম্যাচে কার্যত নিষ্প্রভ দেখায় আর্লিং হালান্ডকে। তাঁকে সেভাবে নড়ার জায়গা দেননি ম্যান ইউ ডিফেন্ডাররা।
ম্যান ইউ- ২ : ম্যান সিটি- ০



