Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নৌকাবিহারের মধ্য দিয়ে জয়পুরে পালিত হল অভিনব জামাইষষ্ঠী

নৌকাবিহারের মধ্য দিয়ে জয়পুরে পালিত হল অভিনব জামাইষষ্ঠী
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: দুই জামাইকে নিয়ে জয়পুরের সমুদ্রবাঁধে নৌকায় চড়ে অভিনব জামাইষষ্ঠী পালন করলেন পাত্রসায়রের কুশদ্বীপের বাসিন্দা মৌসুমী বন্দ্যোপাধ্যায়। এদিন দুই মেয়ে জামাই সহ সপরিবারে জয়পুরে আসেন মৌসুমীদেবী। জামাই বরণ থেকে আরম্ভ করে উলুধ্বনি, মিষ্টিমুখ থেকে উপহার প্রদান, আশীর্বাদ থেকে প্রণাম সবকিছুই নৌকা বিহারের মধ্যে সারেন তাঁরা। অভিনব জামাইষষ্ঠী পালন দেখতে জয়পুরে আসা পর্যটকরাও ভিড় জমান। 

Advertisement

মৌসুমীদেবী বলেন, আমার দুই মেয়ে। জামাইষষ্ঠীতে দুই জামাই বাড়িতে এসেছেন। অন্যান্য বারে বাড়িতেই তা পালন করা হয়। এবারে মেয়েরাই এমন অভিনব উদ্যোগ নিয়েছে। জয়পুরের সমুদ্রবাঁধে নৌকাবিহারের মধ্যেই তা পালন করা হয়। খাওয়া দাওয়ার পর্ব স্থানীয় হোটেলে করা হয়। সব মিলিয়ে এবারের জামাইষষ্ঠী বেশ আনন্দ উপভোগ করেছি।  
মৌসুমী দেবীর বড় জামাই চন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবছর শ্বশুরবাড়িতেই জামাইষষ্ঠী পালন করা হয়। এবারও বাড়িতেই তা বরণ অনুষ্ঠানের পর জয়পুরে বেড়াতে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই স্ত্রী ও শ্যালিকা দু’জনে মিলে তড়িঘড়ি জয়পুরে যাওয়ার পরিকল্পনা করে। জয়পুরে আসার পর গোটা পরিকল্পনাটা বুঝতে পারি। সকলে মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করতে পেরেছি।  
ছোট জামাই সৌমাভ গঙ্গোপাধ্যায় বলেন, আমার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। কিন্তু প্রথম জামাইষষ্ঠীতেই এভাবে সারপ্রাইজ পাব, তা বুঝতে পারিনি। অভিনব জামাইবরণ বেশ ভালো লেগেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ