Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাস্তায় নামাজ বন্ধ, বিজেপির বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রীই

রাস্তায় নামাজ বন্ধ, বিজেপির বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রীই
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছিল বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মিরাট প্রশাসন। নির্দেশ না মানলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।  কিন্তু সেই নির্দেশিকা নিয়ে যে এনডিএর অন্দরেই মতবিরোধ রয়েছে, তা প্রকাশ্যে চলে এল। কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (রামবিলাস) নেতা চিরাগ পাসোয়ানকে রাস্তায় নামাজ পড়া ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এগুলো একেবারেই অর্থহীন আলোচনা। এই বিষয়গুলি নিয়ে কথাই বলা উচিত নয়। বছরের পর বছর ধরে মানুষ রাস্তায় নামাজ পড়েন। দেশে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলি নিয়ে আলোচনা প্রয়োজন।’

Advertisement

তাঁর মন্তব্য, ‘আমরা যখন অযৌক্তিক বিষয়ে কথা বলতে শুরু করি, তখনই সমাজ ও দেশে উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। কোনও কারণ ছাড়াই দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়।’ রাস্তায় নামাজ বন্ধ করার সমর্থনে যেভাবে জোটসঙ্গী বিজেপি নেতারা মুখ খুলেছেন তাঁরও সমালোচনা করেছেন চিরাগ। তিনি বলেন, ‘আমি একমত নই। আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। শুধু হিন্দু-মুসলিম আলোচনা না করে আরও বড়ো বিষয়গুলিতে নজর দেওয়া দরকার। আমিও ইফতার পার্টির আয়োজন করি, সেখানে তিলক পরে যাই। এটা নিজস্ব বিশ্বাসের জায়গা।’ এরই মধ্যে, রবিবার পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন এনডিএর শরিক অন্য নেতারাও। এদিন শাহের সামনে নীতীশ বলেন, তিনি আর কোনওদিন এনডিএ ছেড়ে যাবেন না। তাঁর কথায়, ‘দু’বার ভুল করেছি। কিন্তু এখন পুরনো বন্ধুদের কাছে ফিরেছি।’

সম্পর্কিত সংবাদ