নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দু’বছরের মধ্যে রাজ্যে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে আর নাইডু সোমবার একথা জানিয়েছেন। এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ‘উড়ান’ প্রকল্পের মাধ্যমে রাজ্যে চারটি নতুন বিমানবন্দর চালু করার জন্য রাজ্য সরকার ও অসামরিক বিমান মন্ত্রকের ‘মউ’ স্বাক্ষর হয়। পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও জলপাইগুড়ির হাসিমারায় হবে বিমানবন্দর। কলকাতা থেকে সরাসরি ইউরোপ যাওয়ার বিমান পরিষেবা চালুর জন্যও কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘রাজ্যের আগের সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেনি। তা করলে অনেক আগেই এই বিমানবন্দরগুলি হয়ে যেত। গত ১২ বছরে পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে দেশে ৭৪টি বিমানবন্দর ছিল। সেটা বেড়ে ১৬৬ হয়েছে। ১০ বছরের মধ্যে আরও ১০০টি বিমানবন্দর হবে।’



