নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। আজ, সোমবার বিধানসভায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, আমরা এই বিল আনবই। সংকল্পপত্রেও এই প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সবসময় বলেছেন, এক দেশ, এক বিধান। ফলে আমরা এই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনবই। আগামী ২ জুলাই মন্ত্রিসভায় এই বিলের খসড়া অনুমোদনের জন্য আনা হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, উত্তরাখণ্ড, অসম,গুজরাতের অভিন্ন দেওয়ানি বিধির উপর ভিত্তি করেই এই রাজ্যে বিল আনা হবে। এই প্রসঙ্গে একটি কমিটি গঠনের প্রস্তাবও করা হয়েছে। যার চেয়ারপার্সন হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই। কমিটিতে সদস্য হিসেবে ৫ জন পেশার মানুষ থাকবেন। তাঁরা হলেন- অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, আইনি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং অতিরিক্ত সচিব। এই কমিটি মূলত- বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির বণ্টন, উত্তরাধিকার-সহ মোট ৯টি বিষয় দেখবে। কমিটিকে আপাতত চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে। আগামী ২ জুলাই মন্ত্রিসভায় খসড়া বিলটি আসবে অনুমোদনের জন্য। এরপর আগামী আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করার পর ইউসিসি বিল আনা হবে। যদি এই বিষয়ে কারও কিছু বলার থাকবে তাহলে তারা কমিটির কাছে বলতে পারেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে একটাই আইন চলবে। ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। তবে আদিবাসী এবং জনজাতিরা এই প্রস্তাবিত বিলের বাইরে থাকবেন।



