ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও এবার অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করতে চলেছে বিজেপি সরকার। বিধানসভায় আসন্ন বর্ষাকালীন অধিবেশনেই পেশ হতে পারে বিল। শুক্রবার মধ্যপ্রদেশের কাটনি জেলার এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর দাবি, নতুন আইনে একটিই বৈধ বিবাহ স্বীকৃতি পাবে। তিনি সাফ জানিয়েছেন, যাদের একটিমাত্র বিয়ে, কেবল তাঁরাই রাজ্যে থাকতে পারবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যখন এক দেশ, এক সংবিধান, এক পতাকা, তখন হিন্দু-মুসলিমের জন্য আলাদা আইন কেন থাকবে? সবার জন্য একই আইন হওয়া উচিত। রামের যদি একটি বিয়ে হয়, তাহলে রহিমের দু’টি, তিনটি বা চারটি বিয়ে কেন হবে? মুসলিম বোনেরাও আমাদেরই বোন।’ তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক তিন তালাকের প্রথার কোনো স্থান বর্তমান আইনি কাঠামোয় নেই। কেউ যদি এমনটা করেন, অর্থাৎ তিনবার তালাক বলে বিবাহ বিচ্ছেদের চেষ্টা করেন তাহলে তাঁকে জেলে যেতে হবে।’ যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র আব্বাস হাফিজ বলেন, ‘রাম ও রহিম—দুটি নামই নিজ নিজ ধর্মে অত্যন্ত পবিত্র। রাজনৈতিক তুলনা টানতে এই নাম ব্যবহার করা অনভিপ্রেত।’ তিনি প্রশ্ন তোলেন, ইউসিসি নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কি আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করবেন? সংবিধান অনুযায়ী কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে বহুবিবাহের অনুমতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



