সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া গ্রামীণ জেলায় যথেচ্ছভাবে ড্রোনের ব্যবহার চলছে। দেখা যাচ্ছে, একশ্রেণির ব্লগার জেলার বিভিন্ন পর্যটনস্থান, ধর্মীয় স্থান, মেডিক্যাল কলেজের পাশাপাশি ১৬ নং জাতীয় সড়কের উপর ড্রোন উড়িয়ে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। যথেচ্ছভাবে ড্রোন ওড়ানো সমাজের ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে করছেন প্রবীণ নাগরিকরা। তাঁদের আশঙ্কা, এর ফলে এইসব জায়গার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। অবিলম্বে যথেচ্ছ ড্রোন ওড়ানোর বিরুদ্ধে প্রশাসনের রাশ টানা উচিত বলে মত নাগরিকদের। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, অনুমতি ছাড়া আকাশে ড্রোন ওড়ানো যায় না। হাওড়া জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, যথেচ্ছভাবে আকাশে ড্রোন ওড়ানোর বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।



