Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে তিন দিন অস্বস্তিকর গরম  চলবে, সতর্ক করল আবহাওয়া দপ্তর

বজ্রগর্ভ মেঘ থেকে মাঝে মাঝে ঝড়বৃষ্টি হওয়ায় রাজ্যের বড়ো অংশে মার্চ মাসে গরমের দাপট তুলনামূলকভাবে কম ছিল। এবার এপ্রিল পড়তেই আবহাওয়া দপ্তর আপাতত দিনতিনেকের জন্য দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) পড়ার সতর্কবার্তা দিল।

দক্ষিণবঙ্গে তিন দিন অস্বস্তিকর গরম  চলবে, সতর্ক করল আবহাওয়া দপ্তর
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বজ্রগর্ভ মেঘ থেকে মাঝে মাঝে ঝড়বৃষ্টি হওয়ায় রাজ্যের বড়ো অংশে মার্চ মাসে গরমের দাপট তুলনামূলকভাবে কম ছিল। এবার এপ্রিল পড়তেই আবহাওয়া দপ্তর আপাতত দিনতিনেকের জন্য দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) পড়ার সতর্কবার্তা দিল। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করার ফলে আগামী কয়েকদিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। আগামী দিনচারেক ধরে সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি উপরে থাকবে। বেশি গরম পড়ার ব্যাপারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার পাশাপাশি কলকাতার উল্লেখ করে এসব জায়গার জন্য ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। তবে কোনো জায়গার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা আপাতত দেওয়া হয়নি। 

Advertisement

বেশ কিছুদিন ধরে অধিকাংশ সময়ে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বড়ো অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (৩৩.৮ ডিগ্রি) মঙ্গলবারের তুলনায় এক ধাক্কায় প্রায় ৫ ডিগ্রি বেড়ে যায়। তবে এদিনও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। জানানো হয়েছে পূর্বাভাসে। 
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী ৫ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে ফের বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। ওইদিন থেকে দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া কর্তা বলেছেন, মাঝের সময়ে কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কারণ তাপমাত্রা এবার অনেকটা বাড়বে। এতে উত্তপ্ত হবে ভূপৃষ্ঠ। তার সঙ্গে বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকায় কোনো কোনো স্থানে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ