Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিভাবকহীন ক্রীড়া সংস্থা, আন্তঃজেলা সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান জেলার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

অভিভাবকহীন ক্রীড়া সংস্থা, আন্তঃজেলা সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান জেলার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংস্থা কার্যত অভিভাবকহীন। সংস্থার কর্মসমিতির শেষ সভা আয়োজিত হয়েছে বেশ কিছুদিন আগে। তারপর সাধারণ সভা ডেকে নতুন কমিটি গঠন হওয়ার কথা। কিন্তু, ক্রীড়া সংস্থার অভ্যন্তরে চলা ডামাডোলের জেরে নতুন কমিটি গঠন কার্যত বিশবাঁও জলে। কবে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন হবে তার ঠিক নেই। তার আগেই সিএবির টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ক্রীড়া সংস্থার নিয়ম অনুযায়ী ক্রিকেট সাব-কমিটি দল গঠন করে। কর্মসমিতির শেষ সভা হয়ে যাওয়ায় সাব-কমিটিগুলির অস্তিত্ব নিয়ে আইনি জটিলতা রয়েছে। স্বাভাবিকভাবেই জেলা দল গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

Advertisement

সিএবি সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর থেকে সংস্থা পরিচালিত ছেলেদের আন্তঃজেলা টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হবে। খেলাগুলি হুগলি, দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও মুর্শিদাবাদে আয়োজিত হবে। জেলাগুলিকে চারটি গ্রুপে ভাগ করে খেলা হবে। 
ডি-গ্রুপে রয়েছে বর্ধমান ব্লুজ। গ্রুপের বাকি তিনটি দল হল বিপ্লবী চন্দননগর, হুগলি সুপার কিংস ও মহারাজা অফ কোচবিহার। হুগলির চুঁচুড়ায় বর্ধমানের খেলা পড়েছে। তার আগে ২৩ অক্টোবরের মধ্যে জেলাগুলিকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে খেলোয়াড়দের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। খেলোয়াড়দের নামের পাশাপাশি বাবার নাম, ঠিকানা, জন্মতারিখ এবং আধার ও ভোটার কার্ড জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনও খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা যাবে না বলে সিএবির তরফে জারি করা নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে। 
পুজোর কারণে ক্রীড়া সংস্থার অফিস বন্ধ রয়েছে। এমনিতেই ক্রীড়া সংস্থার পদাধিকারীদের অফিসে হাজিরা খুবই কম। তার উপর নির্ধারিত সময়ের মধ্যে দল গঠন করে খেলোয়াড়দের যাবতীয় তথ্য জমা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অফিস পুরোদমে চালু হওয়ার আগেই খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অথচ, কয়েকবছর ধরেই সিনিয়র দল ভালো খেলছে। গতবার তারা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। তবে, জেলা দল অনেকটাই দুর্গাপুর ও আসানসোল মহকুমার উপর নির্ভরশীল। দুই ক্রীড়া সংস্থা থেকে বেশি সংখ্যায় খেলোয়াড় জেলা দলে থাকেন। ক্রীড়া সংস্থার ডামাডোলের কারণে সিনিয়র দল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে না পারলে তা নজির হয়ে থাকবে। ক্রীড়া সংস্থার বিদায়ী কমিটির ক্রিকেট সেক্রেটারি শিবশঙ্কর ঘোষ বলেন, শেষ মিটিংয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। স্বাভাবিকভাবেই কমিটি নেই এটা বলা যাবে না। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে দল পাঠানোর চেষ্টা করছি।
ক্রীড়া সংস্থার বিদায়ী কমিটির সম্পাদক পিরদাস মণ্ডল বলেন, আমাদের খেলা ২৯ অক্টোবর রয়েছে। দল পাঠানোর জন্য সব ধরনের চেষ্টা চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ