নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডাবল চ্যাম্পিয়ন’ লেখা প্ল্যাকার্ড, ফুলের মালা আর রংমশাল। বৃষ্টি মাথায় নিয়ে মোহন বাগান গ্যালারিতে হাজির প্রচুর সমর্থক। ময়দানে অনুশীলন ফিরতেই সবুজ-মেরুন আবেগের বিস্ফোরণ। শুক্রবারের বিশেষ আকর্ষণ অবশ্যই কোচ হোসে মোলিনা। এদিন অনুশীলনে যোগ দিলেন তিনি। গতবার দলকে আইএসএলের লিগ-শিল্ড ও ট্রফি জিতিয়েছেন স্প্যানিশ কোচ। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছে। এদিন পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে মোলিনাকে বরণ করে নিলেন সমর্থকরা। ‘জয় মোহন বাগান’ স্লোগানের গর্জনে তখন ক্লাব তাঁবু সরগরম। শুনলে মনে হবে, যেন লিগের খেলায় সদ্য গোল পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দু’হাত তুলে অভিবাদন গ্রহণ করেই মাঠ ভরে থাকা ফ্লেক্সগুলির দিকে ইশার করলেন কোচ। সেখানে লেখা ‘হোম অব চ্যাম্পিয়ন্স’। হাবেভাবে কোচ বুঝিয়ে দিতে চাইলেন, তিনি এসেছেন এবারও দলকে সাফল্য উপহার দিতে। বৃহস্পতিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ৩-১ গোলে হারিয়েছে মোহন বাগান। দেখেছেন কি সেই ম্যাচ? প্রশ্ন করতেই এক গাল হাসি মাখিয়ে তাঁর উত্তর, ‘ফ্লাইটে ছিলাম। তাই লাইভ দেখা হয়নি। কলকাতায় পা দিয়েই রিপ্লে দেখেছি। লিস্টন সত্যিই অনবদ্য।’



