চক দে ইন্ডিয়া! পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ জয় আর্যবীর-লক্ষ্যদের
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

আল আমেরাত, ১৪ নভেম্বর: টানটান উত্তেজনার ম্যাচে বাজিমাত ভারতের। ১ বলে প্রয়োজন ছিল ৩ রান। ৪ মেরে দলকে জেতালেন মোহিত উলভা। সেইসঙ্গে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আছড়ে পড়ল ভারতীয় ড্রেসিং রুমে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ঘরে তুলল ভারত। এই নিয়ে ন’বার এই খেতাব জিতল টিম ইন্ডিয়া।

Advertisement

গত বারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান। খেতাবি লড়াইয়ে ভারতকে হারিয়েছিল তারা। এমনকি চলতি যুব এশিয়া কাপের গ্রুপ পর্বেও টিম ইন্ডিয়াকে টেক্কা দিয়েছে পাক-ব্রিগেড। শনিবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তারই মধুর বদলা নিলেন আর্যবীর-লক্ষ্যরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন পাকিস্তানের ব্যাটাররা। ওপেনার উসমান খান ১১১ বলে তোলেন ১০৭ রান। আবদুল কাদেরের ব্যাট থেকে আসে ৮০ রান। পাক অধিনায়ক ফারহান ইউসুফ করেন ৬৩ রান। যার দৌলতে ৩৩৭ রানের পাহাড় গড়ে পাক বাহিনী।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটের উপরে ভালো হয় ভারতের। তবে ধস নামে মিডিল অর্ডারে। বিপক্ষের বোলিংয়ের সামনে কেউ বেশিক্ষণ দাঁড়াতে পারছিলেন না। এক সময় জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৪২ বলে ৮৫ রান। হাতে মাত্র দু’টি উইকেট। অনেকেই যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন তখন হাল ধরলেন রোহিত উলভা ও মানাল চৌহান। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন তাঁরা। মনে হচ্ছিল এই দু’জনই ভারতকে জিতিয়ে দেবেন। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়ে যান মানাল। স্কোর বোর্ডে তখন ৪৭.২ ওভারে ৩০৯/৯। অর্থাৎ জয়ের জন্য প্রয়োজন আরও ২৯ রান।

ভারত কি জিততে পারবে? তখন ফের চিন্তার ভাঁজ দর্শকদের কপালে। এখান থেকে ফের কামব্যাক ভারতের। এবারও ত্রাতা মোহিত। একাদশতম ব্যাটার চিগুরুপতি ভেঙ্কটের সঙ্গে জুটি বেঁধে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন। অপরাজিত ৪৯ রানের অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। পাঁচটি ৪ এবং ৩টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে শেষপর্যন্ত ভেঙ্কট ক্রিজে টিকে থাকেন ১১ রানে।