সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান ও ১০ কাউন্সিলার। বুধবার উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ আরও ৯ জন কাউন্সিলার পদত্যাগ করলেন। এদিন বিকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন কাউন্সিলাররা। এই নিয়ে পুরসভার ৩২ জন কাউন্সিলারের মধ্যে ১৯ জন পদত্যাগ করলেন। ফলে বোর্ড কার্যত ভেঙে গেল উলুবেড়িয়া পুরসভার।
পুরসভার ১৯ জন কাউন্সিলারের পদত্যাগ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান সহ অধিকাংশ কাউন্সিলার পদত্যাগ করেছেন। নাগরিকরা সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছিলেন না বলে ওঁরা পদত্যাগ করেছেন। আমরা ডিপার্টমেন্ট থেকে এই ইস্তফাপত্র পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয় হচ্ছে। নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য কিছুদিনের মধ্যে একজন আধিকারিককে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া হবে বলে জানান উমেশ। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ ১০ জন কাউন্সিলার পদত্যাগ করেছিলেন।