সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার বিকেলে পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে কালীবাড়ির প্রবেশদ্বারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে পড়ে। এতে আহত হয়ে এক যুবক উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বাড়িটির একাংশ ভেঙে পড়ার পরেই রাত থেকে ওই সেটি ভাঙার কাজ শুরু করে উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেটির অনেকটা অংশ ভাঙা হয়েও গিয়েছে। তবে দোকান থাকায় এখনও বাড়ির পিছনের কিছুটা অংশ ভাঙা যায়নি। তবে উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, বাড়ির ওই অংশে থাকা ব্যবসায়ীদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে। বুধবার রাতেই বাড়িটির বাকি অংশ ভেঙে দেওয়া হবে বলে জানান পুরকর্তারা।
এদিকে, মঙ্গলবার এই বাড়িটি ভেঙে পড়ার পরেই পুর এলাকায় থাকা এইরকম আরও পরিত্যক্ত বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরা। তাঁদের অভিযোগ, উলুবেড়িয়া পুরসভা এলাকায় এইরকম একাধিক পরিত্যক্ত বাড়ি রয়েছে। মালিকরা সংস্কার না করায় সেই বাড়িগুলিও বিপজ্জনক অবস্থায়। যে কোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। অবিলম্বে ওই বাড়িগুলিও ভেঙে ফেলার দাবি জানিয়েছেন তাঁরা।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস এই প্রসঙ্গে জানান, বছর দেড়েক আগে ২২ নম্বর ওয়ার্ডের এই বাড়িটিকে পুরসভার পক্ষ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এরপরেও মালিক বাড়িটি ভাঙেননি। শেষে মঙ্গলবার বিকেলে সেটির একাংশ ভেঙে পড়েছে। এরপরেই আমারা পুরো বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া পুরসভা এলাকায় এমন আরও কত পরিত্যক্ত বাড়ি আছে, সেই ব্যাপারে একটি সমীক্ষা করার কথাও বলা হয়েছে আধিকারিকদের। রিপোর্ট পাওয়ার পর ওই বাড়িগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিজস্ব চিত্র