Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া মেডিকেল: মহিলা জুনিয়র চিকিৎসক নিগ্রহ কাণ্ডে আরও ১ পুলিশের জালে

উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকে নিগ্রহের ঘটনায় ধৃত আরও এক। মঙ্গলবার রাতে শেখ সম্রাট (২৪) নামে অভিযু্ক্ত ওই যুবককে গ্রেফতার করে উলুবেড়িয়া থানার পুলিশ।

উলুবেড়িয়া মেডিকেল: মহিলা জুনিয়র চিকিৎসক নিগ্রহ কাণ্ডে আরও ১ পুলিশের জালে
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকে নিগ্রহের ঘটনায় ধৃত আরও এক। মঙ্গলবার রাতে শেখ সম্রাট (২৪) নামে অভিযু্ক্ত ওই যুবককে গ্রেফতার করে উলুবেড়িয়া থানার পুলিশ। বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতকে দুইদিনের জন্য পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃত এই যুবক অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালের নিকটআত্মীয়। মেডিকেল কলেজের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, ঘটনার পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে। সোমবারের ওই ঘটনার পর মেডিকেল কলেজের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে এদিন বাম ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এছাড়া জয়েন্ট প্ল্যাটর্ফম অব ডক্টরস সহ বিভিন্ন সংগঠন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে। তারা হাসপাতালের নিরাপত্তা আরও বৃদ্ধি করার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া এদিন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই বিধায়ক নির্মল মাজি এবং রানা চট্টোপাধ্যায় উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা বলেন, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকরা যাতে নিরাপদে চিকিৎসা করতে পারেন, সেটা সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য। ভিজিটিং কার্ড ছাড়া যাতে হাসপাতালে কেউ ঢুকতে না পারেন, মহিলা নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধি করার সঙ্গে আরও বেশি করে নিরাপত্তারক্ষী দেওয়া, প্রত্যেককে নির্দিষ্ট পোশাক পরা এবং পরিচয়পত্র বহন করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল এবং মেডিকেল সুপার সুবীর মজুমদার বলেন, এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেটা আমাদের দেখতে হবে। নিরাপত্তার ঘাটতি প্রসঙ্গে তিনি জানান, গ্যাপ একটা আছে। সেটা কমানোর ব্যবস্থা করতে হবে। অপরদিকে, এই ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ