সংবাদদাতা, উলুবেড়িয়া: ২৩ সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। পৃথিবীর বহু দেশ সাংকেতিক ভাষাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভারতে এখনও তা সাংবিধানিক স্বীকৃতি পায়নি। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংকেতিক ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি উঠল উলুবেড়িয়ায়।
জগৎপুরে আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে উলুবেড়িয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। সেখানে স্কুলের বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অজয় দাস জানান, স্কুলের অধিকাংশ শিশু ভাষাহীন।
তারা সাংকেতিক ভাষায় ভাব আদানপ্রদান করে। সাংকেতিক ভাষাকে সর্বস্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করলে লক্ষ লক্ষ শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত মানুষের কথা সকলের বোধগম্য হবে। এই অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি মুজাহিদ জমাদার, নিশান হালদার, দেবঙ্কর চক্রবর্তী, আসরিনা খাতুনরা। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহিদদের সম্মান জানান বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নির্মল বাগানী প্রমুখ। অন্যদিকে, উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে রবীন্দ্র নজরুল মঞ্চে ভাষাদিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। নিজস্ব চিত্র