Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উড়ালপুল নির্মাণের জন্য বালিচকে রেলগেট বন্ধ যাতায়াতের ব্যবস্থার দাবিতে বিডিওকে ডেপুটেশন

উড়ালপুল নির্মাণের জন্য বালিচকে রেলগেট বন্ধ যাতায়াতের ব্যবস্থার দাবিতে বিডিওকে ডেপুটেশন
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার বালিচকে উড়ালপুল নির্মাণের জন্য রেলগেট বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বাজারে যেতে পারছেন না ক্রেতা ও ব্যবসায়ীরা। ফলে পাশ দিয়ে বিকল্প রাস্তা করার দাবি জানিয়ে সোমবার ব্যবসায়ীদের সংগঠন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা দেয়। 
Advertisement
প্রসঙ্গত, উড়ালপুল নির্মাণের কাজে আগামী তিনমাসের জন্য রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকী, সাইকেল, বাইকও যেতে দেওয়া হচ্ছে না।  বাস সহ অন্যান্য গাড়ি যাতায়াতের জন্য অন্যত্র বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। রেলগেট বন্ধ করে দেওয়ায় স্কুল পড়ুয়া, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী সহ সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। 
এদিন ব্যবসায়ী সংগঠনের পক্ষে জানানো হয়েছে, রেলগেট দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। একটা বড় অংশের ক্রেতা বাজারে আসতে পারছে না। সব্জি, মাছ সহ অন্যান্য জিনিস বিক্রি কমে গিয়েছে। সেই সব পণ্য পড়ে পড়ে নষ্ট হচ্ছে। চাষিরাও তাদের উৎপাদিত ফসল নিয়ে বাজারে আসতে পারছে না। সংগঠনের দাবি, উড়ালপুল তৈরির কাজ চালু রেখেই এই পথ দিয়ে যাতায়াতের একটা বিকল্প ব্যবস্থা করা হোক। সাইকেল, বাইক যাতে যেতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিডিও’কে অনুরোধ করা হয়েছে।
বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, ব্যবসায়ী সংগঠনের ডেপুটেশন পাওয়ার পরই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ও আধিকারকিদের নিয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। তারা যা নির্দেশ দেবেন সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, অন্তত সাইকেল, বাইক যাওয়ার একটা পথ বের করার চেষ্টা হচ্ছে। ব্যবসায়ীদের বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ