Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

উলুবেড়িয়ায় রাসের মেলা

উলুবেড়িয়ায় রাসের মেলা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
ক’দিন হল হাল্কা শীতের আমেজ গায়ে লাগতে শুরু করেছে। আর এই শীতেরই অন্যতম উৎসব রাসমেলা। রাজ্যের নানা প্রান্তে ছোট হোক বা বড়,  এই রাস উৎসব ঘিরে উৎসাহের কোনও খামতি থাকে না। তবে হুগলি নদীর নয়নাভিরাম শোভা উপভোগ করতে করতে যদি রাধাগোবিন্দের এই পবিত্র লীলার অভিজ্ঞতা নেওয়া যায়, তাহলে মেলার আকর্ষণ যে বেশ কয়েকগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। হাওড়া জেলায় উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতার মন্দিরের রাসমেলায় তাই তিল ধারণের জায়গা থাকে না।  শান্ত, স্নিগ্ধ হুগলি নদী। দূরে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। জল থেকে চোখ ফেরালেই মন্দির। শ্বেতশুভ্র সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই মূল মন্দিরের লাগোয়া আরও পাঁচটি থান নজরে পড়ে। মা দুর্গা, দেবী সাবিত্রী, রাধামাধব, দেবাদিদেব মহেশ্বর এবং বজরংবলি বিরাজ করছেন এই আনন্দময়ী চত্বরেই। একে একে সেই মন্দিরগুলি পেরনোর পরই মূল মন্দির, কালীমাতার। আর ঠিক এই মন্দিরের বাইরেই রাসমঞ্চ। ভগবান আর ভক্ত সমাগমে শুক্রবার থেকেই সেজে উঠতে শুরু করেছে এই চত্বর। শুধু রাসমঞ্চই নয়। মেলা ঘিরে আসর জমিয়েছে খেলনা, বাসন, খাবার-দাবার থেকে শুরু করে নানা ধরনের দোকান। মনোরঞ্জনের জন্য রয়েছে নাগরদোলা সহ আরও অনেক রাইড। এই রাসমেলা চলবে একমাস। 
Advertisement
এই বছর উলুবেড়িয়া কালীবাড়ির রাস উৎসব ৭৪ বছরে পড়ল। মেলা প্রাঙ্গণে এখন থেকেই ভিড় জমতে শুরু করলেও এর আনুষ্ঠানিক সূচনা আগামী ২৪ নভেম্বর। শেষ হবে ২৬ ডিসেম্বর। তাই এখন থেকেই উৎসবের মেজাজ উলুবেড়িয়াজুড়ে। গোটা হাওড়া জেলার নানা প্রান্ত থেকেই মানুষ এখানে ভিড় জমান। কাজেই কালীবাড়ি কর্তৃপক্ষ এখন থেকেই প্রস্তুত। ভিড় সামলানোর দাওয়াই হিসেবে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। রাধাকৃষ্ণের প্রথামাফিক পুজো পূর্ণিমাতেই সম্পন্ন হয়েছে।
সম্পর্কিত সংবাদ