লন্ডন, ২ নভেম্বর : ছুরি হামলায় রক্তাক্ত ইংল্যান্ড। কেমব্রিজের কাছে চলন্ত ট্রেনে দুই আততায়ীর এলোপাথাড়ি ছুরির আঘাতে গুরুতর জখম হলেন কমপক্ষে ১০ জন যাত্রী। এই ঘটনা দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাদের পরিচয় জানানো হয়নি। এদিনের হামলাকে ‘ভয়াবহ ও গভীর উদ্বেগজনক’ আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিনের হামলার সঙ্গে জঙ্গি যোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের কাজে হাত বাড়িয়েছে সন্ত্রাসবিরোধী ইউনিট।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা হবে। উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসের দিকে ছুটে চলেছে ট্রেন। উইকেন্ড হওয়ায় ট্রেনে যাত্রীসংখ্যা একটু বেশি ছিল। জানা গিয়েছে, হঠাৎ লম্বা ছুরি বের করে অন্য যাত্রীদের উপরে ঝাঁপিয়ে পড়ে আততায়ীরা। স্বাভাবিকভাবে কামরার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুরির কোপে ট্রেনের মেঝেতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। তখন রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। সন্ধ্যা ৭টা ৪১ মিনিট নাগাদ পুলিশের কাছে খবর যায়। অবস্থান ট্র্যাক করে ট্রেনটিকে দাঁড় করানো হয় হান্টিংডনের স্টেশনে। এরপরে দুই আক্রমণকারীকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যায় পুলিশ। হামলায় জখম ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অধিকাংশের আঘাত গুরুতর।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার। সাম্প্রতিক বছরগুলিতে ইংল্যান্ড এবং ওয়েলসে ছুরি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। ২০১১ সাল থেকে দেখা যাচ্ছে এই চিত্র। যা নিয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন স্টার্মার। উদ্ভূত পরিস্থিতিতে ‘জাতীয় সংকট’ আখ্যাও দিয়েছেন তিনি। গত মাসে ম্যানচেস্টারে ইহুদিদের প্রার্থনাস্থলে (সিনাগগ) ছুরি হামলায় দু’জনের মৃত্যু হয়েছিল।