Bartaman Logo
১০ জুন, ২০২৬

উইন্টার গেমস উপলক্ষ্যে টিকিটের চাহিদা তুঙ্গে, শ্রীনগর রুটে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়া

উইন্টার গেমস উপলক্ষ্যে টিকিটের চাহিদা তুঙ্গে, শ্রীনগর রুটে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়া
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফিরদৌস হাসান, শ্রীনগর: ভূস্বর্গে উইন্টার গেমস বলে কথা। যা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে পর্যটকমহলে। প্রতি বছরের মতো এবারও পর্যটকদের ঢল নামবে সেখানে। আশায় বুক বেঁধেছেন হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীরা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিমানের টিকিটের দামও। 
Advertisement
আগামী ২২-২৫ ফেব্রুয়ারি তুষারের চাদরে মোড়া গুলমার্গে শুরু হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। দেশের বিভিন্ন রাজ্য থেকে অন্তত এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন গেমসে। আলপাইন স্কি, নর্ডিক স্কি, স্নোবোর্ডিং, স্নো সু রেসিং, স্কি হকি সহ বিভিন্ন ইভেন্টের আসর বসবে সেখানে। গেমস উপলক্ষ্যে বিমানের ভাড়াও ঊর্ধ্বমুখী। দেশের বিভিন্ন শহর থেকে শ্রীনগরের বিমানভাড়া ৫০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাঙালিদের কাছে বরাবরই প্রিয় গন্তব্য ভূস্বর্গ। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশও হলেন বাঙালি। বছরের অন্য সময় কলকাতা থেকে শ্রীনগরের বিমানভাড়া মোটামুটি ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু এখন তা বেড়ে হয়েছে ১২ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। একইভাবে দিল্লি-শ্রীনগর বিমানের ভাড়া পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। বর্তমানে তা পৌঁছে গিয়েছে ন’হাজার থেকে ১২ হাজারে। বিমানে মুম্বই থেকে শ্রীনগরের ভাড়াও আকাশ ছোঁয়া। ঘোরাফেরা করছে ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে। কাশ্মীরের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আশফাক আহমেদ দুগ বলেন, ‘পর্যটন ক্ষেত্র নিয়ে সবসময় চিন্তার মধ্যে থাকতে হয় কাশ্মীরকে। কারণ আবহাওয়া খারাপ থাকলে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। যার প্রভাব পড়ে পর্যটকদের উপর। আবার কাশ্মীরের থেকে অনেকটা কম খরচে অন্যান্য গন্তব্যে পাড়ি দিচ্ছেন পর্যটকরা। এসব কারণেই উদ্বেগ তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিমানভাড়া বৃদ্ধি পাওয়ায় বিমুখ হচ্ছেন পর্যটকরা। অবিলম্বে বিমান ভাড়া নিয়ন্ত্রণ করা উচিত সরকারের।’ পর্যটকদের সুবিধার্থে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বই রুটে বিমানের সংখ্যা বৃদ্ধি করার উপরও জোর দিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ