Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উগ্রচণ্ডা মন্দিরের প্রবেশপথ নিয়ে বিবাদ, থানায় মারধরের অভিযোগ

উগ্রচণ্ডা মন্দিরের প্রবেশপথ নিয়ে বিবাদ, থানায় মারধরের অভিযোগ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: প্রবেশপথে জমির দখলদারি নিয়ে বিবাদের জের। ভগবানপুর-২ ব্লকের জুখিয়ার শতাব্দী প্রাচীন উগ্রচণ্ডা মন্দিরে ঢুকতে সমস্যায় পড়ছেন ভক্তরা। এনিয়ে বিবাদ থেকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এবং বিষয়টি থানা-পুলিস পর্যন্তও গড়িয়েছে। পুলিস দু’ পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জায়গাটি ছিল এলাকার বাসিন্দা আদ্যনাথ ত্রিপাঠীর নামে। তিনি বেশ কিছুদিন আগে এক ব্যক্তিকে জায়গা বিক্রি করেন। তারপর ওই ব্যক্তি মন্দিরের প্রবেশপথে বেড়া দিয়ে দেন। দাবি করেন, প্রবেশপথের  জায়গাটি তাঁর। এর ফলে গ্রামবাসীরা মন্দিরে ঢুকতে বাধা পান এবং এনিয়ে সরব হন। এমনকী কয়েকদিন আগে পূর্বতন মালিক আদ্যনাথ ত্রিপাঠী এবং জমির বর্তমান মালিকপক্ষের সঙ্গে গ্রামবাসীদের একাংশের বচসা হয়। তারপর তাঁকে মারধর করা হয়েছে বলে থানায় কয়েকজনের নামে আদ্যনাথ অভিযোগও দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বিপদে পড়বে স্থানীয় কলোনিতে বসবাসকারী কিছু পরিবার। কারণ তাঁদের পরিবারের কেউ মারা গেলে সৎকার করা হয় মন্দির পার্শ্বস্থ ময়দানে। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে উগ্রচণ্ডা মন্দিরকে ঘিরে। এ বিষয়ে জুখিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অম্বিকেশ মান্না বলেন, আমরা দু’ পক্ষকে নিয়ে আলোচনায় বসেছি। তবে সমস্যার সমাধান হয়নি। এলাকার বাসিন্দারা মন্দিরে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। প্রাচীন এই মন্দিরের সঙ্গে এলাকার বাসিন্দাদের আবেগ জড়িয়ে রয়েছে। তাঁরা আমাদের সবকিছু জানিয়েছেন। আমরা পুলিস-প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছি। এবিষয়ে ভূপতিনগর থানার ওসি মহম্মদ মহিউদ্দিন বলেন, আমরা এ নিয়ে অবগত। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, আলোচনার মাধ্যমে সমাধান হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ