কোপেনহেগেন: নেশনস লিগে বৃহস্পতিবারের রাতটা তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়াটার-ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল পর্তুগাল (০-১)। সিআরসেভেনের জন্য সাজানো মঞ্চে যাবতীয় প্রচারের আলো শুষে নিলেন তাঁরই ভক্ত রাসমুস হয়ল্যান্ড। ৭৮ মিনিটে জাল কাঁপিয়ে ‘সিউ’ সেলিব্রেশন করতেও ভুললেন না ড্যানিশ সুপার-সাব। রোনাল্ডো তখন নির্বাক দর্শক।
জাতীয় দলে কিলিয়ান এমবাপের প্রত্যাবর্তনও মধুর হল না। ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। দুই গোলদাতা আন্ত বুদিমির এবং ইভান পেরিসিচ। অন্যদিকে, ইতালির বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল জার্মানি। ঘরের মাঠে ৯ মিনিটে আজ্জুরিদের এগিয়ে দিয়েছিলেন সান্দ্রো টোনালি। ৪৯ মিনিটে টিম ক্লাইনডাইস্ট সমতায় ফেরান জার্মানদের। আর ৭৬ মিনিটে জয়সূচক গোলটি লিয়ন গোরেৎস্কার।