Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ অঘটনের আশায় ম্যান সিটি

একাধিক কামব্যাকের সাক্ষী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৭ সালে পিএসজি’র বিরুদ্ধে বার্সেলোনার অবিশ্বাস্য জয়, ২০১৯’এ প্রথম লেগে তিন গোলে হেরেও ঘরের মাঠে ৪-০ ব্যবধানে লিভারপুলের দুরন্ত ফিরে আসা।

আজ অঘটনের আশায় ম্যান সিটি
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: একাধিক কামব্যাকের সাক্ষী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৭ সালে পিএসজি’র বিরুদ্ধে বার্সেলোনার অবিশ্বাস্য জয়, ২০১৯’এ প্রথম লেগে তিন গোলে হেরেও ঘরের মাঠে ৪-০ ব্যবধানে লিভারপুলের দুরন্ত ফিরে আসা। এমনই আর এক অঘটনের আশায় মঙ্গলবার বুক বাঁধছেন ম্যাঞ্চেস্টার সিটি সমর্থকরা। ইউরোপ সেরার লড়াইয়ে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ঘরের মাঠে পেপ ব্রিগেডকে ৩-০ গোলে বশ মানায় রিয়াল। ফলে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে ম্যান সিটিকে। লড়াইটা কঠিন, তবে অসম্ভব নয়। সেই লক্ষ্যেই মঙ্গলবার এতিহাদ স্টেডিয়ামে রিয়ালের বিরুদ্ধে মাঠে নামছে সিটিজেনরা। পক্ষান্তরে, প্রথম লেগের ছন্দ বজায় রেখে অ্যাওয়ে ম্যাচেও জিতে মাঠ ছাড়াই লক্ষ্য আলভারো আর্বেলোয়া ব্রিগেডের।

Advertisement

মরশুমের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত রিয়াল। প্রথম লেগে এমবাপে, বেলিংহ্যাম, রডরিগো, ডেভিল আলাবাদের ছাড়াই জয় ছিনিয়ে নেয় লস ব্ল্যাঙ্কোস। দুরন্ত হ্যাটট্রিকে সিটির রক্ষণে ত্রাস হয়ে উঠেছিলেন ফেডেরিকো ভালভার্দে। ফিরতি পর্বের লড়াইয়ে নামার আগে অবশ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন এমবাপে। গত কয়েকদিন পুরোদমে অনুশীলন করেন ফরাসি তারকা। তাই তাঁকে নিয়েই ম্যাঞ্চেস্টারে পা রাখে রিয়াল। প্রয়োজনে এমবাপেকে ব্যবহারও করতে পারেন কোচ আর্বেলোয়া। এদিকে, ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে নামার আগে ফুটবলারদের চাপমুক্ত রাখতে চান সিটি কোচ গুয়ার্দিওলা। সেই মতো ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফুটবলারদের বিশ্রাম দেন সিটি কোচ। তাঁর কথায়, ‘এই মুহূর্তে নিজেদের উপর বিশ্বাস রাখাটা জরুরি। কঠিন লড়াইয়ে নামতে চলেছি। তবে ফুটবলে কোনও কিছু অসম্ভব নয়। সেই মানসিকতা নিয়েই ছেলেরা মাঠে নামবে।’
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে লেভারকুসেনের মুখোমুখি হবে আর্সেনাল। শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাবটির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে গানাররা। তাই কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করতে ঘরের মাঠে জিততেই হবে মিকেল আর্তেতার দলকে। উল্লেখ্য, চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে আর্সেনাল। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত তারা। তাই মঙ্গলবার ঘরের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমিরেটসের ক্লাবটি। তবে চোটের কারণে ওডেগার্ড ও জুরিয়েন টিম্বেরকে পাবে না তারা।
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ঘরের মাঠে চেলসিকে ৫-২ গোলে হারিয়ে শেষ আটের পথে এক বাড়িয়ে রেখেছে পিএসজি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচেও জয়ই লক্ষ্য লুই এনরিকে ব্রিগেডের। পক্ষান্তরে, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া লিয়াম রোজেনিয়রের ছেলেরা।

সম্পর্কিত সংবাদ