সংবাদদাতা, কাঁথি: দীঘা লাগোয়া ওড়িশার উদয়পুর সমুদ্রসৈকতে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এলাকার বাসিন্দা এক পর্যটকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম পঙ্কজ রায় (৩৪)। বাড়ি দুর্গাপুরের আমরাই এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই পর্যটক দীঘায় বেড়াতে আসেন। বুধবার উদয়পুর সৈকত এলাকায় স্নান করতে নেমেছিলেন তিনি। সেই সময় জোয়ার ছিল। নুলিয়া ও পুলিসকর্মীদের নজর এড়িয়ে স্নানের সময় তলিয়ে যান ওই ব্যক্তি। কিছু সময় তালসারি মেরিন থানার পুলিসকর্মীরা ও নুলিয়ারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানান। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।



