Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্বোধন হলেও চালু হল না ভবঘুরে আবাসন

উদ্বোধন হলেও চালু হল না ভবঘুরে আবাসন
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ভবঘুরেদের জন্য আবাসনটি তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর প্রায় আট মাস অতিক্রান্ত হতে চলল। কিন্তু এখনও চালু হল না আবাসনটি। পুরসভার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে শহরবাসী। যদিও পুরসভার সাফাই, ভবঘুরেদের খুঁজে না পাওয়ার জন্য চালু করা যাচ্ছে না। আবাসন চালু না হলেও গত আট মাস ধরে বেতন পাচ্ছেন একজন নাইট গার্ড সহ চারজন কর্মী। দুই মহিলা কর্মী প্রতিদিন দুপুরে এসে আবাসন খুলে কিছুক্ষণ থাকেন এবং তারপর বন্ধ করে বাড়ি চলে যান। লালবাগের মহকুমা শাসক বনমালী রায় বলেন, এবিষয়ে সম্প্রতি পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পুরসভার পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর চালানো হচ্ছে। স্থানীয় ক্লাবগুলির পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও পুরসভা এলাকায় ভবঘুরেদের খোঁজ চালানোর জন্য বলা হয়েছে। রাজ্য সরকারের রুরাল হোমলেস প্রকল্পের অধীনে মুর্শিদাবাদ পুরসভার ১৫নম্বর ওয়ার্ডে কাঠগোলাপ বাগান সংলগ্ন এলাকায় ২০১৮সালে ভবঘুরেদের জন্য আবাসনটির শিলান্যাস করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ৫০ শয্যা বিশিষ্ট আবাসনটি নির্মাণে মোট ব্যয় হয় ১ কোটি ২৪ লক্ষ টাকা। রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে চলতি বছরের শুরুতে ভবঘুরেদের আবাসনটির নির্মাণকাজ শেষ হয়। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর মুর্শিদাবাদ পুরসভাকে আবাসনটি হস্তান্তর করে। ১২মার্চ আবাসনটি উদ্বোধন করেন সাংসদ আবু তাহের খান। সাংসদ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা শাসক বনমালী রায়, পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্যরা। সাংসদ বলেন, ভবঘুরেদের খোঁজ চলছে। তবে সেভাবে কাউকে পাওয়া না যাওয়ায় চালু করা যাচ্ছে না। আপাতত কয়েকজনকে পাওয়া গেলেই চালু করে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি স্টেশন, বাসস্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হচ্ছে। শুধু ভবঘুরেই নয়, সন্তানরা দেখভাল করছে না এমন বয়স্ক মানুষরাও থাকতে পারবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ