নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি শাসিত রাজ্যে বাঙলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে এবার তীব্র প্রতিবাদ জানাল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউসিআরসি)। পাশাপাশি ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তারা সরব হয়েছে। এই বিষয়ে ১২ আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবসে একটি কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। ২৫ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলায় পথে নামবে ইউসিআরসি। শনিবার ইউসিআরসির ডাকা সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ১৯৫০ সালে আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছিল এই সংগঠন। দেশভাগের সময় ছিন্নমূল মানুষের পাশে ইউসিআরসি দাঁড়িয়েছিল। তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলা কেন অপরাধ? অর্বাচীনরা রোহিঙ্গা, রোহিঙ্গা বলে চিত্কার করছে। আসলে আক্রান্ত হচ্ছেন গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ। ভোটার তালিকা নিয়ে সুজনবাবু বলেন, আমরাও পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই। কিন্তু বিশেষ নিবিড় সংশোধনীর নামে প্রকৃত ভোটারদের ‘সন্দেহজনক’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা মানব না। এটা মানবতার বিরুদ্ধে আক্রমণ।



