Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিকের আগে পুরুলিয়ায় পরীক্ষার্থী নিখোঁজ

উচ্চ মাধ্যমিকের আগে পুরুলিয়ায় পরীক্ষার্থী নিখোঁজ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আচমকা এক পরীক্ষার্থীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। সম্পদ টুডু নামে নিখোঁজ ওই পরীক্ষার্থী পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা তার। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। কিন্তু তার আগেই গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ান থানার কেন্দাপাড়া এলাকায় বাড়ি ওই ছাত্রের। সেখানকার স্কুলেই পড়াশোনা করত। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করায় পুরুলিয়া জেলা স্কুলে ভর্তি করে তার পরিবার। পুরুলিয়া শহরের রামবাঁধপাড়ায় একটি ভাড়াবাড়িতে মা আরতি টুডুর সঙ্গে থাকত সে। বাবা মারা গিয়েছেন আগেই। ওই কিশোরের মা জানান, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান থাকায় তিনি গত ২৪ফেব্রুয়ারি বান্দোয়ানের কেন্দাপাড়ায় চলে যান। পরীক্ষার কারণে সম্পদ পুরুলিয়ার ভাড়াবাড়িতে একাই ছিল। বুধবার সে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায়। বৃহস্পতিবার বিকেলে সে পুরুলিয়ায় ফিরে আসে। শুক্রবার সে পুরুলিয়ার বাড়িতেই ছিল। এক আত্মীয় ডাক্তার দেখাতে পুরুলিয়া এসেছিল। তাঁদেরকে ডাক্তার দেখানোরও বন্দোবস্ত করে দেয় সে। ওইদিন মায়ের সঙ্গে ফোনে কথাও হয়। শনিবার বিকেলে তার মা পুরুলিয়ার ভাড়াবাড়িতে ফিরে সম্পদকে দেখতে পাননি। ফোন করে দেখেন, ফোনটি বাড়িতেই রেখে গিয়েছে। সেইসঙ্গে একটি ব্যাগে কিছু জামাকাপড়, বিছানার চাদর নিয়েই বাড়ি থেকে বেরিয়েছে সে। এরপরই পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন ওই ছাত্রের মা। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। পুলিসের অনুমান, ওই কিশোর পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না। পরীক্ষার চাপ নিতে না পেরেই বাড়ি থেকে পালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ