নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সোমবার আরামবাগ মহকুমা শাসকের অফিসে প্রশাসনিক বৈঠক করা হয়। এদিন শিক্ষা, পুলিস, পরিবহণ, বিদ্যুৎ, স্বাস্থ্য, দমকল ও বনদপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বাস মালিক সংগঠনও ছিল। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সেন্টার ইনচার্জরাও ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার আরামবাগ মহকুমায় ২৩টি ভেনু হয়েছে। তারমধ্যে ১৮টি মেন ভেনু ও পাঁচটি সাব ভেনু রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। সকাল ৯ টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে। এবার মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর তল্লাশি নেওয়া হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তল্লাশি করবেন। প্রত্যেক কেন্দ্রে থাকবেন আশাকর্মীরা। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসার জন্য সিক রুমের ব্যবস্থা থাকবে। মাধ্যমিক পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে প্রাকৃতিক দুর্যোগ হলে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার চেষ্টা করতেও এদিন বৈঠকে বলা হয়েছে। আরামবাগের এক স্কুল ইন্সপেক্টর রথীন বিশ্বাস বলেন, সংসদের নির্দেশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে। সেই বিষয়ে এদিন প্রাথমিক আলোচনা করা হয়েছে সব দপ্তরকে নিয়ে। শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার আরামবাগ মহকুমায় মোট পরীক্ষার্থী ৫৩৫৫ জন। তারমধ্যে ছাত্রের সংখ্যা ২১৮৬ জন। এছাড়া ছাত্রী রয়েছে ৩১৬৯ জন। এবার মহকুমায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।



