Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাবের টাকা হাতানোয় উত্তরবঙ্গের চোপড়া থেকে আরও এক যুবক ধৃত

ট্যাবের টাকা হাতানোয় উত্তরবঙ্গের চোপড়া থেকে আরও এক যুবক ধৃত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ট্যাবকাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল কালীগঞ্জ থানার পুলিস। ধৃত যুবকের নাম নাজিরুল ইসলাম। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। শনিবার রাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য তার আট দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন বিচারক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবকই শিক্ষা পোর্টালে ঢুকে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড পরিবর্তন করেছিল। তাই পুলিসের অনুমান, ধৃত যুবক প্রযুক্তিবিদ্যায় পারদর্শী। যদিও ট্যাব কেলেঙ্কারির মূল অভিযুক্ত এখনও পলাতক। তার অধীনেই নাজিরুল কাজ করত বলে জানা গিয়েছে। ট্যাব কেলেঙ্কারির এই মামলায় এখনও পর্যন্ত মোট দুজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিস।
Advertisement
ডিএসপি মত্তাকিনুর রহমান বলেন, ‘রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের জন্য দেওয়া ট্যাবের টাকা হাতানোর জন্য চোপড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অনুমান এই যুবকই কারসাজি করেছিল।‌ তার জন্য মোট টাকাও পেয়েছিল। তবে মূল মাথার খোঁজে আমার তল্লাশি চালাচ্ছি। ধৃতকে পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিভিন্ন দিক আমরা তার থেকে জানার চেষ্টা করছি।’
কয়েক মাস আগে রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে থাবা বসিয়েছিল হ্যাকরার। শিক্ষা পোর্টালে ঢুকে টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে নিয়ে সরকারের টাকা হাতিয়ে নিচ্ছিল। যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। গত বছর নভেম্বর মাসে শেষের দিকে কালীগঞ্জ থানার হাতগাছা পঞ্চায়েতের বসোরখোলা হাই স্কুলেও এই ঘটনা ঘটে।‌ ট্যাবের টাকা থেকে বঞ্চিত হয় কুড়ি জন পড়ুয়া। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাঠিয়েছিল সরকার। কিন্তু দ্বাদশ শ্রেণির ১৬ জন এবং একাদশ শ্রেণির চার পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। তদন্তে দেখা যায়, এই সমস্ত পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাল্টে গিয়েছে বাংলা শিক্ষা পোর্টালে। ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় সক্রিয়। সেইমতো স্কুলের তরফ থেকে কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়।
সেই ঘটনার তদন্তে নেমে ১৯ ডিসেম্বর মোবারক বিশ্বাস নামে বছর তেইশের এক যুবককে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিস।‌ তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। টাকার বিনিময়ে বিভিন্ন লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল সে। যেখানেই ট্যাব জালিয়াতির টাকা ঢুকিয়েছিল প্রতারকরা। 
পুলিসের অনুমান, মোবারক বিশ্বাস এবং নাজিরুল, দুজনেই ট্যাব জালিয়াতি গ্যাঙের সদস্য। মোবারক নানা লোকের অ্যাকাউন্ট ভাড়া করে নাজিরুলকে দিত। আর নাজিরুল কারসাজি করে শিক্ষা পোর্টালে ঢুকে পড়ুয়াদের অ্যাকাউন্টের সঙ্গে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলে দিত। এইভাবে সরকারি ট্যাবের টাকা হাতাতো তারা।‌
Advertisement
সম্পর্কিত সংবাদ